প্রবাসে রোজা-১৮: জার্মানি
রোজা ও রোমাঞ্চ একসঙ্গে, ১৬–১৮ ঘণ্টা পর্যন্ত রোজা রেখে চাকরি করতে হয়
ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রোজার মাস একটি আধ্যাত্মিক সাধনার মাস। যেখানেই হোক, ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সিয়াম সাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। দেশে ও প্রবাসে সিয়াম সাধনার আবেগ-অনুভূতিতে রয়েছে একধরনের ভিন্নতা ও চ্যালেঞ্জ। বিশেষ করে ইউরোপে প্রবাসীদের কাছে ভিন্ন সংস্কৃতির মধ্যে সিয়াম পালন কিছুটা আলাদা অভিজ্ঞতা বয়ে আনে।
এখানে রোজা মানে সত্যিকার অর্থে আল্লাহর নৈকট্য লাভের আশায় ধৈর্যের পরীক্ষা। ইউরোপে দেশভেদে অনেক সময় ১৬ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত রোজা রেখে চাকরি করতে হয়। তবে ইউরোপীয় অমুসলিমদের মধ্যেও রোজার প্রতি সম্মান লক্ষ করা যায়। যেমন কর্মস্থলে ইফতারের সময় কর্মীদের জন্য বিরতির ব্যবস্থা রাখা, বিভিন্ন সংগঠনের ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং শুভেচ্ছা বিনিময় করা—এসব বিষয় প্রবাসে রোজার পরিবেশকে আরও আন্তরিক করে তোলে।
ইউরোপীয় অমুসলিমদের মধ্যেও রোজার প্রতি সম্মান লক্ষ করা যায়। যেমন কর্মস্থলে ইফতারের সময় কর্মীদের জন্য বিরতির ব্যবস্থা রাখা, বিভিন্ন সংগঠনের ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং শুভেচ্ছা বিনিময় করা—এসব বিষয় প্রবাসে রোজার পরিবেশকে আরও আন্তরিক করে তোলে।
প্রবাসে রোজা মানে দেশে ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণা। পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশ নিষ্ঠার সঙ্গে রোজা পালন করে থাকেন। এর প্রমাণ পাওয়া যায় বাংলাদেশি মসজিদগুলোতে ইফতারের সময় উপচে পড়া ভিড় এবং তারাবিহর নামাজে মুসল্লিদের উপস্থিতিতে।
বাংলাদেশিদের ইফতারের খাবারের মেনু মানেই ছোলা-মুড়ি, সঙ্গে বিভিন্ন দেশীয় ও আরবি খাবার। বাংলাদেশিদের ইফতারের তালিকায় ছোলা-মুড়ি না থাকলে যেন তা বেমানান লাগে। এর পাশাপাশি থাকে পাকোড়া, বেগুনি, নানা ধরনের কাবাবসহ বিভিন্ন খাবার।
জার্মানির প্রায় সব মসজিদেই রোজাদারদের জন্য ব্যাপক ইফতারের আয়োজন করা হয়। রমজান মাসে ইফতারদানেরও অভাব হয় না। ইফতারের সময় মসজিদগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়।
বাংলাদেশে যেমন ইফতার বিতরণের একটি সুন্দর সংস্কৃতি রয়েছে, প্রবাসেও তার ব্যতিক্রম নয়। প্রবাসী বাংলাদেশিরা এক বাড়ি থেকে অন্য বাড়িতে ইফতার পাঠানো, ইফতারে নিমন্ত্রণ করা এবং ইফতার পার্টির আয়োজন—এসব শত কর্মব্যস্ততার মধ্যেও আন্তরিকতার সঙ্গে পালন করে থাকেন।
বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ হলে এবং কেউ রোজা রেখেছেন জানতে পারলে পরস্পরের মধ্যে একধরনের বিশেষ সম্মান ও সৌহার্দ্যের প্রকাশ দেখা যায়। সিয়াম সাধনা পুরো পৃথিবীতে এক ও অভিন্ন হলেও দেশে রোজার সময়টি অন্য রকম আবেগ ও অনুভূতির।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]