সুইজারল্যান্ডের রাইন ফলস: ব্ল্যাক ফরেস্টের সবুজ ছায়া পেরিয়ে ইউরোপের জলপ্রপাতে
জার্মানি ভ্রমণের প্রতিটি দিনই ছিল নতুন অভিজ্ঞতায় ভরপুর। তবে কিছু কিছু ভ্রমণ শুধু একটি দর্শনীয় স্থান দেখার মধ্যেই সীমাবদ্ধ থাকে না; পথের প্রকৃতি, ইতিহাস, মানুষের জীবনযাত্রা এবং পরিবারের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত মিলিয়ে তা হয়ে ওঠে জীবনের অবিস্মরণীয় স্মৃতি। ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর জার্মানির স্টুটগার্ট থেকে সুইজারল্যান্ডের বিখ্যাত রাইনে ফলসে আমাদের একদিনের ভ্রমণ ছিল তেমনই একটি অভিজ্ঞতা।
স্টুটগার্ট থেকে রাইনে ফলসের দূরত্ব প্রায় ১৮০ কিলোমিটার। গাড়িতে সাধারণত আড়াই থেকে তিন ঘণ্টা লাগে। অনিত গাড়ি নিয়ে স্টুটগার্ট থেকে দক্ষিণ-পশ্চিম অভিমুখে যাত্রা শুরু করল। তুলতুল পেছনের সিটে ৯০ দিনের রূপকথাকে বসিয়ে শীতল কম্বল দিয়ে ঢেকে দিল। শিশুটির শান্ত নিশ্বাস, মায়ের সতর্ক নজর আর বাবার অত্যন্ত সতর্কতাসহ ড্রাইভ—এই তিনের সমন্বয়েই শুরু হলো আমাদের যাত্রা। শহর ছেড়ে অল্প সময়ের মধ্যেই আমরা জার্মানির প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য অধ্যায়ে প্রবেশ করলাম।
পথের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল কিংবদন্তিতুল্য ব্ল্যাক ফরেস্ট। প্রায় ৬ হাজার বর্গকিলোমিটার আয়তনের এই বনভূমি দক্ষিণ-পশ্চিম জার্মানির ব্যাডেন-ভুর্টেমবার্গ রাজ্যে। রোমানরা ঘন অরণ্যের কারণে এর নাম দিয়েছিল ‘সিলভা নিগরা’ বা ‘কালো বন’। এখান থেকেই পরবর্তীকালে ‘Black Forest’ নামের উৎপত্তি। দীর্ঘ যাত্রার মধ্যে প্রায় ৬০–৭০ কিলোমিটার পথ জার্মানির বিখ্যাত ব্ল্যাক ফরেস্ট অঞ্চলের সবুজ অরণ্য ঘেঁষে এগিয়ে গেছে। ইউরোপের বহু লোককথা, বিশেষ করে গ্রিম ভ্রাতৃদ্বয়ের রূপকথার অনেক গল্পের পটভূমি হিসেবে এই অরণ্যের নাম উল্লেখ করা হয়। কোকিল ঘড়ি, ব্ল্যাক ফরেস্ট কেক এবং ঐতিহ্যবাহী কাঠশিল্পের জন্যও এই অঞ্চল বিশ্বজুড়ে সুপরিচিত।
ব্ল্যাক ফরেস্টের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলছিল। দুই পাশে সবুজ আর হলুদ সারি সারি ফার ও পাইনগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শরতের রঙে রাঙানো পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো কখনো রাস্তার ওপর এসে পড়ছে, আবার কখনো মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে। ছোট ছোট গ্রাম, সবুজ চারণভূমি, দূরের পাহাড় আর মাঝেমধ্যে আঙুরের বাগান—সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা যেন কোনো শিল্পীর আঁকা ছবির ভেতর দিয়ে এগিয়ে চলেছি। মাঝপথে প্রায় এক ঘণ্টা বিরতি নিয়ে আমরা একটি সার্ভিস এরিয়ায় হালকা খাবার ও কফি পান করলাম। শরতের শীতল বাতাসে সেই বিরতি যেন শরীর ও মন—দুটোকেই নতুন প্রাণ দিয়েছিল।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
ক্রমেই আমরা জার্মানি-সুইজারল্যান্ড সীমান্তের দিকে পৌঁছালাম। ইউরোপের শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়ায় সীমান্ত পারাপার ছিল অত্যন্ত সহজ। সীমান্তে ইমিগ্রেশন ও কাস্টমসের অবকাঠামো থাকলেও নিয়মিতভাবে সব গাড়ি থামিয়ে পরীক্ষা করা হয় না। সেদিনও সীমান্ত অতিক্রম করতে আমাদের তেমন কোনো জটিলতার মুখোমুখি হতে হয়নি। ইমিগ্রেশন অফিসের সামনে থেমেও কাউকে পেলাম না। গাড়ির গতি কিছুটা কমিয়ে নির্ধারিত পথ ধরে আমরা সুইজারল্যান্ডে প্রবেশ করলাম। কয়েক মিনিটের মধ্যেই রাস্তার সাইনবোর্ড, ট্রাফিক নির্দেশনা এবং পরিবেশে এক নতুন দেশের আবহ স্পষ্ট হয়ে উঠল।
সুইজারল্যান্ডের শাফহাউজেন ক্যান্টনের নিউহাউজেন আম রাইনফাল এলাকায় অবস্থিত রাইনে ফলস ইউরোপের সবচেয়ে বড় জলপ্রপাত। প্রাপ্ত তথ্যমতে, প্রায় ১৫ হাজার বছর আগে, শেষ বরফযুগের (Ice Age) সমাপ্তির পর ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে এই জলপ্রপাতের সৃষ্টি হয়। এর প্রস্থ প্রায় ১৫০ মিটার (৪৯২ ফুট) এবং উচ্চতা প্রায় ২৩ মিটার (৭৫ ফুট)। গ্রীষ্মকালে প্রতি সেকেন্ডে গড়ে প্রায় ৬০০ ঘনমিটার পানি জলপ্রপাত দিয়ে নিচে নেমে আসে; বর্ষা বা বরফ গলার মৌসুমে এই প্রবাহ আরও বৃদ্ধি পায়। যদিও উচ্চতায় এটি বিশ্বের বৃহত্তম জলপ্রপাতগুলোর মধ্যে নয়, কিন্তু পানির বিপুল প্রবাহের কারণে এটি ইউরোপের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত হিসেবে পরিচিত।
দূর থেকেই রাইনে ফলসের গর্জন কানে ভেসে আসে। কাছে পৌঁছালে দেখা যায়, বিশাল রাইন নদীর জলরাশি প্রবল শক্তিতে নিচে আছড়ে পড়ছে। সাদা ফেনায় ঢেকে যাচ্ছে চারপাশ। বাতাসে ভেসে আসা পানির সূক্ষ্ম কণা মুখে এসে লাগছে। প্রকৃতির এই বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে মানুষ নিজের ক্ষুদ্রতাকে সহজেই উপলব্ধি করতে পারে।
রাইনে ফলস ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো পর্যটকবাহী নৌভ্রমণ। তুলতুল ও অনিত ছোট্ট শিশুকে নিয়ে নৌকায় উঠল না। আমি আমার সহধর্মিণী নির্দিষ্ট জেটি থেকে নৌকায় উঠলাম। ইঞ্জিনচালিত নৌকাটি ধীরে ধীরে জলপ্রপাতের দিকে এগিয়ে যেতে লাগল। যত সামনে এগোচ্ছিলাম, ততই পানির গর্জন তীব্র হচ্ছিল। জলপ্রপাতের একেবারে কাছাকাছি পৌঁছালে পানির ছিটা আমাদের শরীর ভিজিয়ে দিল। ভ্রমণতরিতে বিভিন্ন দেশের আরও প্রায় ৩০ জন ভ্রমণপিপাসুদের আনন্দ–উল্লাস ভোলার নয়। সেই মুহূর্তে মনে হচ্ছিল প্রকৃতি যেন তার অপরিমেয় শক্তি ও সৌন্দর্য একসঙ্গে আমাদের সামনে মেলে ধরেছে। মাঝনদীতে দাঁড়িয়ে থাকা বিশাল শিলাখণ্ডটির দিকে তাকিয়ে বিস্মিত না হয়ে উপায় থাকে না। হাজার হাজার বছর ধরে অবিরাম পানির আঘাত সহ্য করেও সেটি আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে—প্রকৃতির অবিনাশী শক্তির এক নীরব প্রতীক হয়ে।
নৌভ্রমণ শেষে আমরা জলপ্রপাতের পাশের হাঁটার পথ ধরে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। বিভিন্ন দর্শনমঞ্চ থেকে রাইনে ফলসের রূপ ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যায়। এক পাশে দেখা যায় ব্রিজের ওপর দিয়ে মেট্রোর আসা–যাওয়া। কোথাও জলপ্রপাতের পুরো বিস্তার চোখে পড়ে, কোথাও আবার মনে হয় যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে সেই প্রবল জলধারাকে। চারপাশে পৃথিবীর নানা দেশ থেকে আসা পর্যটকদের প্রাণচাঞ্চল্যে মুখর পরিবেশ, কিন্তু সেই কোলাহলকেও ছাপিয়ে শোনা যাচ্ছিল জলপ্রপাতের অবিরাম গর্জন।
দুপুরে জলপ্রপাতসংলগ্ন একটি রেস্টুরেন্টে আমরা মধ্যাহ্নভোজ সেরে নিলাম। জানালার ওপারে প্রবহমান রাইন নদী, দূরে জলপ্রপাতের সাদা ফেনা আর শরতের নরম আলো—সাধারণ খাবারও যেন সেদিন অসাধারণ স্বাদ নিয়ে এসেছিল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার ফেরার প্রস্তুতি নিলাম। আমাদের ফেরার সময় ঘনিয়ে এলে দেখলাম সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। ব্ল্যাক ফরেস্টের ওপর তখন শেষ বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। পাহাড়ের গায়ে কুয়াশার পাতলা পর্দা নেমেছে, বনভূমি আরও রহস্যময় হয়ে উঠেছে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে মনে হচ্ছিল, প্রকৃতি যেন আমাদের নীরবে বিদায় জানাচ্ছে। রাস্তা যতই দীর্ঘ হোক, পরিবারের সঙ্গে পথ কখনো ভারী হয় না। খুদে পর্যটক রূপকথার নিশ্বাস, মায়ের যত্ন, বাবার ড্রাইভ—সব মিলিয়ে এই যাত্রা শুধু একটি দর্শনীয় স্থান দেখার নয়, এটি আমাদের পরিবারের এক অমূল্য স্মৃতি হয়ে রয়ে গেল। রাতের আলো জ্বলে উঠতে শুরু করলে আমরা আবার স্টুটগার্টের পরিচিত পথে ফিরে এলাম।
রাইনে ফলস ভ্রমণ শুধু একটি জলপ্রপাত দেখা নয়; এটি ছিল প্রকৃতির শক্তি, ইউরোপের ভূতাত্ত্বিক ইতিহাস, ব্ল্যাক ফরেস্টের রহস্যময় সৌন্দর্য এবং সীমান্ত অতিক্রম করে নতুন এক দেশের সংস্কৃতিকে কাছ থেকে অনুভব করার এক অনন্য অভিজ্ঞতা। আজও সেই দিনের কথা মনে পড়লে কানে ভেসে আসে জলপ্রপাতের গর্জন, চোখের সামনে ভেসে ওঠে সবুজ অরণ্যের আঁকাবাঁকা পথ, আর মনে হয়—ভ্রমণের সবচেয়ে বড় প্রাপ্তি গন্তব্য নয়, বরং সেই পথ, যা মানুষকে নতুন করে পৃথিবীকে চিনতে শেখায়।
বি. দ্র.: ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর, আমার ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের আলোকে লেখা।
শাহ জালাল ফিরোজ
বনানী, ঢাকা।
E-mail: [email protected]