সিডনিতে ক্যানসার রোগীদের সহায়তায় তহবিল সংগ্রহ

ছবি: উদয়

অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যানসার গবেষণা, আক্রান্ত রোগী ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং রোগটি নিয়ে সচেতনতা বাড়াতে তহবিল সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন উদয় এবং দেশটির ক্যানসার কাউন্সিলের যৌথ উদ্যোগে স্থানীয় গ্লেনফিল্ড কমিউনিটি হলে ‘ড্যাফোডিল ডে’ উপলক্ষে এ আয়োজন করা হয়।

সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, অনুষ্ঠানে বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষ অংশ নিয়ে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে একাত্মতা প্রকাশ করেন।

আরও পড়ুন

অনুষ্ঠানের সাবেক অস্ট্রেলিয়ান অভিবাসনমন্ত্রী ফিলিপ রাডকসহ অন্যান্য স্থানীয় বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে লায়লা আরজুমান বলেন, ‘ক্যানসার কোনো নির্দিষ্ট সীমানায় আটকে নেই। আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং গবেষণাকে এগিয়ে নিতে সবাইকে এক মানবিক প্ল্যাটফর্মে আনাই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য।’

আরও পড়ুন

দিনব্যাপী এ আয়োজনে চিকিৎসক ও গবেষকদের আলোচনা ছাড়াও সচেতনতামূলক নানা পর্ব অনুষ্ঠিত হয় এবং শেষ পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]