ভোট দিয়ো
ভোট তোমার অধিকার—একটা কাগজে ভাঁজ করা
পুরো দেশের ভবিষ্যৎ।
একটা সিলের শব্দে নির্বাচিত হয় তোমার প্রতিনিধি,
যে নেতা হয়ে তোমার এলাকার মানুষের
কল্যাণের কথা বলবে।
যাকে ভালো মনে করো,
তাকেই ভোট দিয়ো—
তবু ভোট বর্জন কোরো না।
ভোটকেন্দ্র দূরে হলে কী হবে,
পথ ক্লান্তিকর হলে কী হবে—
কষ্ট নিয়েই ভোট দিয়ো,
কারণ তোমার মতামত অমূল্য।
লোভ আসবে,
আড়ালে কেউ গুঁজে দিতে চাইবে
অন্য কিছু—চুপচাপ এড়িয়ে যেয়ো,
তবু ভোট দিয়ো।
হয়তো তোমার দল
এই নির্বাচনে নেই, তবু ভোট দাও—
আগামী দিনের রাজনীতি
গড়ে তোলার জন্যই ভোট দাও।
গণতন্ত্রে বিশ্বাস করে
ভোট না দেওয়া—সে কেমন বিশ্বাস?
তোমার দেশ ভালো চলবে
তখনই, যখন ক্ষমতায় থাকবে
একটি নির্বাচিত সরকার।
অনির্বাচিত কোনো শাসন
তোমার মঙ্গল বয়ে আনে না।
বাসায় ভালো রান্না,
রাতভর টিভিতে ফলাফল,
উত্তেজনায় বুক ধড়ফড়—ভোটের এই উৎসব,
এই আনন্দ তুমি কেন মিস করবে বলো?
তাই আবার বলি—
ভোট দাও।
যাকে ভালো লাগে,
তাকেই ভোট দাও।
সামাজিক মাধ্যমে
গুজবে বিশ্বাস কোরো না,
মিথ্যা খবর সত্য ভেবে শেয়ার কোরো না।
দেখো, শোনো—যাচাই করে নিয়ো।
তোমার একটিমাত্র ভুল পোস্টে
ক্ষতি হতে পারে অনেকের, বিভ্রান্ত হতে পারে অনেক মানুষ।
সচেতন হও।
সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে এসো।
ভোট দিয়ো—কারণ এই দেশটা তোমারও।
লেখক: বেসরকারি চাকরিজীবী
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: [email protected]