সম্মেলন অনেক হলো, পৃথিবী কতটা নিরাপদ হলো
চলতি বছরের ২৬ আগস্ট নেপালের হিমালয় অঞ্চলে ভয়াবহ এক প্রাকৃতিক বিপর্যয় ঘটে। লাংটাং লিরুং পর্বতের একটি বিশাল অংশের বরফ ও পাথর ধসে নিচে নেমে আসে। ফলে সৃষ্ট প্রবল পানির স্রোতে ভেসে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু ও বিভিন্ন স্থাপনা। প্রাণ হারান বহু মানুষ, নিখোঁজ হন হাজার হাজার মানুষ। ধ্বংস হয় মানুষের বসতি, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রাকৃতিক সম্পদ। এই বিপর্যয় দেখিয়ে দিয়েছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কতটা ভয়াবহ হতে পারে। শুধু হিমালয় নয়, পৃথিবীর সর্বত্রই জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। পৃথিবীর এক প্রান্তে বরফ গলে যাচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে; অন্যদিকে প্রচণ্ড গরম, বন্যা ও খরা মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলছে। প্রশ্ন হলো, পৃথিবীকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়ে বিশ্বনেতারা বছরের পর বছর ধরে এত সম্মেলন করার পরও কেন এমন বিপর্যয় ঠেকানো যাচ্ছে না?
১৯৯২ সালের ধরিত্রী সম্মেলন থেকে শুরু করে ১৯৯৭ সালের কিয়োটো প্রটোকল এবং ২০১৫ সালের প্যারিস চুক্তিসহ বিভিন্ন সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্তের মূল লক্ষ্য ছিল পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি কমানো, কার্বন নিঃসরণ হ্রাস করা, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলার ক্ষমতা বাড়ানো এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সাহায্য করা। প্যারিস চুক্তিতে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা এবং তা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু অনেক দেশ এখনো কার্বন নিঃসরণ কমাতে পারেনি। ফলে আন্তর্জাতিক চুক্তি ও বাস্তব পদক্ষেপের মধ্যে বড় ব্যবধান রয়ে গেছে।
জলবায়ু পরিবর্তনের জন্য সব দেশ সমানভাবে দায়ী নয়। শিল্পবিপ্লবের পর থেকে উন্নত দেশগুলো অনেক বেশি কার্বন নিঃসরণ করার ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়েছে। অথচ বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপের মতো কম কার্বন নিঃসরণকারী দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে জলবায়ু ন্যায্যতার বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হিমালয়ের মতো পৃথিবীর অন্যান্য বরফঢাকা ও পার্বত্য অঞ্চলও একই ধরনের ঝুঁকির মুখে রয়েছে। কোথাও নদীতে পানির পরিমাণ কমে যেতে পারে, আবার কোথাও পাহাড়ি হ্রদের পানি উপচে ভয়াবহ বন্যা হতে পারে। শুধু পাহাড়ি এলাকাই নয়, মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বাড়লে উপকূলীয় শহর, দ্বীপদেশ ও নিচু এলাকা পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। আজ হিমালয়ে যে পরিবর্তন দেখা যাচ্ছে, ভবিষ্যতে একই ধরনের সমস্যা আল্পস, আন্দিজ, গ্রিনল্যান্ডসহ পৃথিবীর অন্য এলাকাতেও দেখা দিতে পারে। তাই হিমালয়ের বরফ গলে যাওয়াকে শুধু একটি এলাকার সমস্যা ভাবার সুযোগ নেই। এটি পুরো পৃথিবীর পরিবেশের জন্য একটি আগাম সতর্কবার্তা।
এ জন্য হিমবাহের বরফ কতটা গলছে, সমুদ্রের পানির উচ্চতা ও তাপমাত্রা কতটা বাড়ছে এবং বনাঞ্চলের অবস্থা কেমন—এসব নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। স্যাটেলাইট ও আধুনিক প্রযুক্তির সাহায্যে প্রাকৃতিক দুর্যোগের আগাম খবর পাওয়ার ব্যবস্থা বাড়াতে হবে। পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে তথ্য আদান-প্রদানের মাধ্যমে একটি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মানচিত্র তৈরি করা প্রয়োজন। এতে কোন এলাকা বেশি ঝুঁকিতে রয়েছে, তা সহজে জানা যাবে এবং আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
এই পরিস্থিতিতে ২০২৬ সালের ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য কপ৩১ সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। তবে কপ৩১-এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হওয়া উচিত আগের সম্মেলনগুলোর প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করা। গত কয়েক দশকে জলবায়ু মোকাবিলায় অনেক সিদ্ধান্ত নেওয়া হলেও সেগুলোর কতটা বাস্তবে কার্যকর হয়েছে, তার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ হিসাব এখনো প্রয়োজন। তাই এই সম্মেলনে প্রতিটি দেশের কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার, বাস্তব অর্জন এবং লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার কারণ প্রকাশের ব্যবস্থা থাকতে হবে। শুধু নতুন প্রতিশ্রুতি নয়, আগের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি যাচাইয়ের জন্যও নির্দিষ্ট সময়সীমা এবং জবাবদিহির কাঠামো তৈরি করতে হবে। উন্নত দেশগুলোকে তাদের অতীতের বেশি কার্বন নিঃসরণের দায় অনুযায়ী ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ দিতে হবে।
তাই কপ২৯ সম্মেলনে জলবায়ু অর্থায়নের লক্ষ্য অর্জনে ২০৩৫ সালের মধ্যে বছরে ৩০০ বিলিয়ন ডলার সংগ্রহ ও সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এই অর্থায়নের কত অংশ জলবায়ু অভিযোজনের এবং কত অংশ কার্বন নিঃসরণ কমানোর কাজে ব্যয় হবে, তা স্পষ্ট করতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য পৃথক তহবিলে পর্যাপ্ত অর্থ নিশ্চিত করতে হবে। অর্থায়নের বড় অংশ ঋণ হিসেবে না দিয়ে অনুদান ও সহজ শর্তের অর্থায়নের ব্যবস্থা করতে হবে, যাতে দরিদ্র দেশগুলো নতুন ঋণের বোঝায় না পড়ে। কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানোর বাস্তব পরিকল্পনা নিতে হবে। সৌরবিদ্যুৎ ও বায়ুবিদ্যুতের মতো পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রয়োজনীয় প্রযুক্তি ও প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে যারা ঘরবাড়ি হারাচ্ছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খাদ্য ও পানির সংকট মোকাবিলা এবং এক দেশের দুর্যোগের প্রভাব অন্য দেশে ছড়িয়ে পড়লে তা মোকাবিলার জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।
বাংলাদেশের জন্যও তা খুবই গুরুত্বপূর্ণ। একদিকে হিমালয়ের বরফ গলে নদীর পানির প্রবাহ পরিবর্তিত হতে পারে, অন্যদিকে বঙ্গোপসাগরের পানির উচ্চতা বাড়ছে। এই দুই পরিবর্তনই বাংলাদেশের পানি, কৃষি, উপকূলীয় এলাকা ও মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে। তাই বাংলাদেশকে শুধু জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে আন্তর্জাতিক সহায়তা ও ক্ষতিপূরণ দাবি করলেই হবে না। নিজেদের গবেষণা ও প্রযুক্তির উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশকে একদিকে নিজের ন্যায্য দাবি তুলে ধরতে হবে, অন্যদিকে আঞ্চলিক সমস্যার সমাধানের প্রস্তাবও দিতে হবে।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
পৃথিবীকে নিরাপদ করার দায়িত্ব শুধু সম্মেলন আয়োজন বা ঘোষণাপত্র প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। জলবায়ু সম্মেলনের সাফল্য বিচার করতে হবে বাস্তব কাজের মাধ্যমে। কত মানুষকে দুর্যোগ থেকে রক্ষা করা গেল, কতটা কার্বন নিঃসরণ কমানো গেল কিংবা কত বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা গেল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা নিরাপদ পৃথিবী রেখে যাওয়া গেল, সেটাই হবে আসল হিসাব। হিমালয়ের বরফ গলে যাওয়া আমাদের জন্য একটি সতর্কবার্তা। আগামী দিনে পৃথিবীর অন্য কোনো অঞ্চলেও আরও বড় বিপদ দেখা দিতে পারে। তাই পৃথিবীকে বাঁচাতে এখন নতুন প্রতিশ্রুতির চেয়ে আগের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা বেশি জরুরি। সে জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার এবং প্রতিটি দেশের দায়িত্বশীল ভূমিকা। কারণ, পৃথিবী সম্মেলনের বক্তৃতা বোঝে না, পৃথিবী মানুষের কাজের ফলেই বদলে যায়।
লেখক: অনজন কুমার রায়, ব্যাংকার