সুনামগঞ্জের বন্যার্তদের পাশে ‘আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন’

এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন’ সুনামগঞ্জের বন্যার্ত মানুষের ভেতর নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও খাবার বিতরণ করেছে।

গতকাল শুক্রবার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা চাল-ডালসহ ১৫ রকমের প্রায় ৯ টন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও খাবার প্রায় ৬০০ পরিবারের ভেতর বিতরণ করে সুনামগঞ্জ সদরস্থ গোবিন্দপুর, লালপুর ও রঙ্গারচর গ্রামে। এ সময় স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষগুলোর পাশে আরও সুসংগঠিত হয়ে পাশে থাকার বিষয়ে আয়োজকেরা ঐকমত্য পোষণ করেন এবং শিগগিরই উত্তরাঞ্চলের বন্যাপ্লাবিত জেলায় সহায়তা প্রদানের বিষয়ে ইচ্ছা পোষণ করেন।

‘মানবতার কল্যাণে কিংবদন্তি সবখানে’—এই নীতিতে আমরাই কিংবদন্তি ফাউন্ডেশনের কার্যক্রম চলমান আছে প্রতিষ্ঠালগ্ন থেকে। তারা আগেও সামাজিক দায়বদ্ধতায় দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে কোভিডকালীন বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের শিক্ষাবৃত্তি প্রদান ও পরিবহনসুবিধা নিশ্চিতকরণ, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ, রক্তদান কর্মসূচিসহ বিবিধ কার্যক্রম।

এখানে উল্লেখ্য যে ‘আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন’ এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালের প্রাক্তন ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে নিবন্ধিত হয়। এ ছাড়া ফেসবুকভিত্তিক গ্রুপ এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ (আমরাই কিংবদন্তি) ২০১৭ সালের ১৫ নভেম্বর যাত্রা শুরু করে, যার বর্তমান সদস্যসংখ্যা প্রায় ৪৬ হাজার।