দ্বিতীয় জাতীয় তরুণ ক্যানসার সম্মেলন অনুষ্ঠিত

ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন অব বাংলাদেশের (সিএএফবি) উদ্যোগে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘দ্বিতীয় ন্যাশনাল ইউথ ক্যানসার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়ছবি : সিএএফবি

দেশে দ্বিতীয়বারের মতো সম্পন্ন হলো ‘দ্বিতীয় ন্যাশনাল ইউথ ক্যানসার কংগ্রেস ২০২৬’। এই কংগ্রেসে বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন অব বাংলাদেশের (সিএএফবি) উদ্যোগে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল, ক্যানসারমুক্ত বাংলাদেশের জন্য তরুণদের ক্ষমতায়ন। সম্মেলনে দেশের প্রায় ১৫টি মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী এবং তরুণ চিকিৎসক অংশ নেন। সম্মেলনে ইয়ুথ পার্টনার হিসেবে ছিল মেডিক্যাল শিক্ষার্থীদের সংগঠন ইমসেন বাংলাদেশ। গত শুক্রবার এ সম্মেলন অনুষ্ঠিত হয় বলে সিএএফবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ মাসুমুল হক বলেন, ‘ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন প্রতিবছরই তরুণদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করে। তারই ধারাবাহিকতায় এ বছর আমরা দ্বিতীয়বারের মতো এই জাতীয় তরুণ ক্যানসার সম্মেলনের আয়োজন করেছি।’

মাসুমুল হক আরও বলেন, আমাদের বর্তমান থিম অনুযায়ী, তরুণরাই ভবিষ্যতে ক্যানসার প্রতিরোধ ও গবেষণার মূল শক্তি। এই আয়োজনের মাধ্যমে আমরা তরুণ চিকিৎসকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চাই, যা একটি ক্যানসারমুক্ত বাংলাদেশ গড়ার পথে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ‘মিট দ্য মেন্টর’ ও ‘মিট দ্য লিজেন্ড’ সেশন। এতে প্রবীণ ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুল হাই, বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ ডা. এ এফ এম কামালউদ্দিন, খ্যাতিমান স্ত্রী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. লতিফা শামসুদ্দিন এবং প্যালিয়েটিভ কেয়ারের পথিকৃৎ অধ্যাপক ডা. নেজামউদ্দিন আহমেদ তরুণদের উদ্দেশে বক্তব্য দেন। বক্তারা দেশে ক্যানসারের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় তরুণ চিকিৎসকদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে আধুনিক গবেষণা ও মানবিক সেবার মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষজ্ঞ প্যানেলিস্ট হিসেবে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. জোহরা জমিলা খান, অধ্যাপকা ডা. শাহিদা আলম, ডা. লুবনা মরিয়ম, ডা. জাহাঙ্গীর আলম, ডা. আরমান রেজা চৌধুরী, ডা. হাসান শাহরিয়ার, ডা. মুশতাক ইবনে আইয়ুব, ডা. তাসলিমা নিগার, ডা. শাহীনুর কবির, ডা. সিফাত রহমানসহ অনেক বিশেষজ্ঞ চিকিৎসক। দিনব্যাপী এই আয়োজনে তরুণ গবেষকদের বৈজ্ঞানিক পেপার উপস্থাপনা, কুইজ প্রতিযোগিতা ও প্যানেল আলোচনার মাধ্যমে ক্যানসার নিয়ন্ত্রণের বিভিন্ন আধুনিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে সমাপ্ত হয়।