মাছপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের এসএসসি ১৯৯০ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

আনন্দ, স্মৃতিচারণা ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয়ে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের এসএসসি ১৯৯০ ব্যাচের উদ্যোগে বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ঈদের পরদিন গত শুক্রবার দিনব্যাপী আয়োজিত এ মিলনমেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ২০০ জন প্রাক্তন শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশীদ।

বিশ্বব্যাংকের কনসালট্যান্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া, এ কে এম মুসা, কান্ট্রি ডাইরেক্ট, নিউট্রিশন ইন্টারন্যাশনাল, ইঞ্জিনিয়ার মো. শাহজাহান, আরিফুর ইসলাম টিপু মিয়া, অখিল রঞ্জন বিশ্বাস ও মো. মুন্তাজ উদ্দীন।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) বলেন, বিদ্যালয় শুধু শিক্ষার প্রতিষ্ঠান নয়, এটি মানুষের মূল্যবোধ, মানবিকতা ও নেতৃত্ব গঠনের ভিত্তি। এ ধরনের পুনর্মিলনী প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়।

বিশেষ অতিথি মো. হারুন-অর-রশীদ বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। বিদ্যালয়ের প্রতি ভালোবাসা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে ছিল র‍্যালি, পরিচিতি পর্ব, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান এবং মধ্যাহ্নভোজের আয়োজন। অংশগ্রহণকারীরা এ আয়োজনকে স্মরণীয় ও সফল উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সামাজিক যোগাযোগ শক্তিশালী করা এবং বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।