জার্মানির ডাকাউ কনসেন্ট্রেশন ক্যাম্প: নীরবতার ভেতরে ইতিহাসের আর্তনাদ—১ম পর্ব

ছবি লেখকের পাঠানো

২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর তিন মাসের শেনজেন ভিসা নিয়ে সহধর্মিণীসহ, সকাল ১০টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে যাত্রা শুরু করি। দীর্ঘ যাত্রার মূল উদ্দেশ্য ছিল জার্মানির স্টুটগার্ট শহরে বসবাসরত ছোট মেয়ে আনিকা এবং তাঁর সদ্যোজাত কন্যা রূপকথাকে প্রথমবারের মতো দেখা—একটি প্রতীক্ষিত, আবেগঘন পুনর্মিলনের মুহূর্তকে স্পর্শ করা। দুবাইয়ে প্রায় দুই ঘণ্টার সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর আমরা আবার ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে রওনা হই। দীর্ঘ আকাশযাত্রার পর স্থানীয় সময় রাত ৮টা ৫ মিনিটে আমাদের বিমান ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি ছোঁয়।

এমিরেটসের বিমানটি ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে অবতরণের ঠিক পূর্বমুহূর্তেই আমার মানসপটে ভেসে উঠেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জার্মানির অ্যাডলপ হিটলারের দাপট আর দোর্দণ্ড প্রতাপের সেই মর্মান্তিক ইতিহাস। বর্তমান প্রজন্মের কাছে জার্মানির নাম উচ্চারণ করলেই দুটি বিপরীত চিত্র ভেসে ওঠে—একদিকে জার্মানির আধুনিকতা, শৃঙ্খলা ও প্রযুক্তিগত উৎকর্ষ; অন্যদিকে নাৎসিদের নিষ্ঠুরতা, গণহত্যা এবং মানবতার চরম অবমাননা।

ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের ব্যস্ততা পেরিয়ে বের হতেই অপেক্ষমাণ অনিত গেটে আমাদের বরণ করল। ৪টি স্যুটকেস ও ২টি ছোট ট্রলি ব্যাগ নিয়ে আমরা বিমানবন্দরের নিচতলায় রেলস্টেশনের দিকে ছুটলাম। স্টেশনের ডিসপ্লে বোর্ডে দেখলাম ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে স্টুটগার্টের ট্রেন ছাড়তে আর মাত্র ৫ মিনিট বাকি। হালকা বৃষ্টি ও ঠান্ডার মাঝে আমাদের লাগেজসহ রুদ্ধশ্বাসে দৌড় শুরু করলাম, কারণ এরপরের ট্রেন রাত ১টা ৩০ মিনিটে।

আমরা কোনোমতে বিরতিহীন ট্রেনে চড়ে বসি, রাত ৯টা ৫০ মিনিটে ট্রেনটি প্ল্যাটফর্ম ত্যাগ করে। আমার আসনের সামনে জার্মান নারীর সিটের নিচে তাঁর পোষা বেশ বড় একটি নাদুসনুদুস জার্মান শেফার্ড দেখে ভয়ে কেঁপে উঠলাম। ছোটবেলা গ্রামের বাড়িতে একবার কুকুরের কামড় খেয়ে নাভির পাশে ১৪টি ইনজেকশন নিতে হয়েছিল। সেই থেকে কুকুরকে ভীষণ ভয় পাই। যতবারই শান্ত ওই কুকুরের চোখে চোখ পড়ত ভয়ে আমার চোখ বন্ধ হয়ে যেত। দুরন্ত গতির ট্রেনের জানালা দিয়ে ফ্রাঙ্কফুর্ট আলোকিত শহরের সৌন্দর্য উপভোগ করছিলাম, আর সময় গুনছিলাম কখন আমরা নতুন অতিথিকে কাছে পাব। মাত্র দেড় ঘণ্টায় ৯২ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে যাই স্টুটগার্ট শহরে। অনিত পার্কিং থেকে তার গাড়ি নিয়ে ওদের আবাসস্থল হেলেনবাডে যাত্রা শুরু করল আমাদের অপেক্ষার অবসান ঘটাতে, যেখানে শুরু হবে একটি নতুন অনুভূতির সূচনা।

ছবি লেখকের পাঠানো

জার্মানিতে হিটলারের নামটি এখন কেউ সহসা প্রকাশ্যে উচ্চারণ করতে চায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাঁর পতনের পরে বিভক্ত দুই জার্মানির প্রাচীর ভেঙে ফেলা হয়েছে, জার্মানির ক্ষতচিহ্ন থেকে তাঁর স্মৃতি মুছে ফেলা হয়েছে। সময়ের প্রবাহে জার্মানি তার সেই অন্ধকার অতীত থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে, উন্নয়নের উচ্চ শিখরে আজ তাদের অবস্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসকে তারা একেবারে মুছে ফেলেনি; বরং সতর্কবার্তা হিসেবে কিছু স্মৃতি সংরক্ষণ করছে। হিটলার ও নাৎসি বর্বরতার কিছু নিদর্শন আজও সংরক্ষিত আছে বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে, যা এখন মেমোরিয়াল (Memorial) বা জাদুঘর হিসেবে বার্লিন, মিউনিখসহ বিভিন্ন স্থানে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।

স্টুটগার্ট আসার পরে কনসেন্ট্রেশন ক্যাম্প দর্শনের ইচ্ছার কথা যখন মেয়েকে জানালাম, ওরা যেতে প্রথমে খুব একটা আগ্রহ দেখায়নি। আনিকা ২০২৪ সালে চাকরির সুবাদে মিউনিখে প্রায় এক বছর কাটিয়েছিল। ওদের অভিজ্ঞতার আলোকে আমাকে বলেছিল, ‘বাবা, ওখানে গেলে মনটা খুব ভারী হয়ে যাবে।’ কথাগুলো অমূলক ছিল না। তবু আমার আবদার রক্ষা করতে ওরা শেষ পর্যন্ত রাজি হলো।

ইতিহাসকে দূর থেকে পড়া যায়, কিন্তু ইতিহাসের সেই স্থানে দাঁড়িয়ে তাকে অনুভব করা সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার সন্ধানেই আমরা ৮ নভেম্বর ২০২৫ তারিখে মিউনিখের কাছে ডাকাউ কনসেন্ট্রেশন ক্যাম্পে যাওয়ার সিদ্ধান্ত নিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ে বহুবার মনে হয়েছে—মানুষ কি সত্যিই এত নিষ্ঠুর হতে পারে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই যাত্রা ডাকাউ কনসেন্ট্রেশন ক্যাম্পের দিকে, ইতিহাসের এক নীরব অথচ ভয়াবহ সাক্ষীর সামনে দাঁড়ানোর উদ্দেশ্যে।

স্টুটগার্ট থেকে ডাকাউর দূরত্ব মাত্র ২০৩ কিলেমিটার, অনিতের দক্ষ হাতের ড্রাইভে মাত্র ২ ঘণ্টা ১৩ মিনিটে আমরা দুপুর ১২টায় ডাকাউ কনসেন্ট্রেশন ক্যাম্পে পৌঁছাই। প্রশস্ত হাইওয়েতে সারাটি পথে লক্ষ করলাম, চলার পথে এরা কত সুশৃঙ্খল, কত সংযমী—কারও কোনো তাড়াহুড়া নেই। চার লেনের প্রশস্ত রাস্তায় সারিবদ্ধভাবে গাড়ি চলছে, গতিবেগ নিয়ন্ত্রিত, রাস্তার দুধারে কেবল সবুজ ও হলুদ বৃক্ষে আবৃত, কোথাও সমতল ভূমি, কোথাও উঁচু পাহাড়। মাঝপথে কিছু সময়ের জন্য একটি রিসোর্টে চা পানের বিরতি নিয়ে গন্তব্যে পৌঁছে যাই।

প্রবেশমুহূর্ত—

রক্তের অপ্রত্যাশিত সাক্ষ্য ক্যাম্পের প্রবেশপথে পৌঁছেই আমরা এক মর্মান্তিক ঘটনার সম্মুখীন হই। আমাদের চোখের সামনেই একজন বিদেশি দর্শনার্থী হঠাৎ ভারসাম্য হারিয়ে কংক্রিটের রাস্তায় পড়ে যান। তাঁর মাথা ফেটে ফিনকি ধারায় রক্ত ঝরতে থাকে। মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে, আমরা সবাই নির্বাক হয়ে যাই। দর্শনার্থীদের কারও চোখে ভয়, কারও চোখে জল। ঠিক সেই মুহূর্তে আমার মেয়ে আনিকা কাঁপা হাতে মুঠোফোন বের করে অ্যাম্বুলেন্স ও পুলিশকে খবর দেয়। তার কণ্ঠে আতঙ্কের সঙ্গে দায়িত্ববোধও ছিল স্পষ্ট। অল্প সময়ের মধ্যেই অ্যাম্বুলেন্স ছুটে আসে এবং উদ্ধারকর্মীরা আহত মানুষটিকে নিয়ে যান। সেই রক্তাক্ত দৃশ্যটি যেন এই মাটির ইতিহাসের সঙ্গে অদ্ভুতভাবে মিশে গেল—মনে হলো ডাকাউর মাটি এখনো তার অতীতকে ভুলে যেতে পারেনি।

প্রতারণার দরজা—

কনসেন্ট্রেশন ক্যাম্পে প্রবেশ করতে দর্শনার্থীদের কোনো টিকিট লাগে না। তীব্র ঠান্ডার মধ্যে ক্যাম্পের মূল লোহার গেট দিয়ে ঢুকতেই দেখলাম সেই নিষ্ঠুর মিথ্যা লেখাটি ‘ARBEIT MACHT FREI’, যার বাংলা অর্থ হলো ‘কাজ মানুষকে মুক্ত করে’। এটি ছিল এক নিষ্ঠুর ও প্রতারণামূলক স্লোগান। এই মিথ্যা বাক্যটি মানব ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর বিদ্রূপগুলোর অন্যতম। অন্য নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোর প্রবেশদ্বারেও এই বাক্যটি লেখা রয়েছে, কিন্তু কাজ কখনোই বন্দীদের মুক্তি দেয়নি; বরং দিয়েছে অমানবিক শ্রম, যন্ত্রণা এবং মৃত্যু। এই গেটের নিচ দিয়ে একসময় হাজারো মানুষ প্রবেশ করেছিল—মুক্তির আশায় নয়, বরং অমানবিক শ্রম, যন্ত্রণা ও মৃত্যুর দিকে।

ছবি লেখকের পাঠানো

মিউজিয়ামের ভেতরে: দলিলের নীরব ভাষা—

ইতিহাসের নিষ্ঠুর এই স্থানটিতে আনিকা ওদের তিন মাসের শিশুকে নিয়ে এমন ভয়ংকর বাস্তবতার মুখোমুখি হতে চায়নি। তাই ওরা জাদুঘরের বিশাল হলগুলোতে না ঢুকে রূপকথাকে নিয়ে ক্যাম্পের বাইরে খোলা জায়গাতে স্টলার নিয়ে ঘোরাফেরা করে সময় কাটিয়েছিল। আমি ওদের সিদ্ধান্ত পুরোপুরি বুঝতে পারছিলাম—একটি শিশুর সামনে এমন বর্বরতার স্মৃতি টেনে আনা সত্যিই কঠিন।

আমি আমার সহধর্মিণীকে নিয়ে সিদ্ধান্ত নিলাম, এত কাছে এসে এই ইতিহাসকে এড়িয়ে নয়, বরং পুরোটা দেখব, বুঝব এবং অনুভব করব।

মিউজিয়ামের ভেতরে ঢুকতেই দেয়ালজুড়ে চোখে পড়ল সারি সারি সাদা-কালো ছবি। কঙ্কালসার মুখ, ভীত দৃষ্টিতে দাঁড়িয়ে থাকা বন্দীদের সারি। প্রতিটি ছবির নিচে লেখা তারিখ ও তথ্য—কোন দেশ থেকে আনা হয়েছে, কী অভিযোগে বন্দী করা হয়েছে, কত দিন তারা বন্দিত্বে ছিল। এখানে ইতিহাস আবেগ দিয়ে নয়, নির্মম প্রমাণ দিয়ে কথা বলে। একটি বড় মানচিত্রে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ডাকাউয়ে বন্দীদের আনার রুট চিহ্নিত করা আছে। কয়েকটি রেললাইন এসে মিলেছে মূল প্রবেশদ্বারের সামনে। মুহূর্তে মনে হলো—এটি শুধু একটি ভৌগোলিক মানচিত্র নয়; এটি জীবন থেকে মৃত্যুর দিকে ধাবমান এক নির্মম পথরেখা।

জাদুঘরের ভেতরে সারি সারি কাচের শোকেসে রাখা আছে বন্দীদের ব্যবহৃত জুতা, ডোরাকাটা পোশাক, বন্দীদের নম্বর ট্যাগ, এমনকি তাদের হাতে লেখা চিঠিও। একটি ছোট চশমা দেখে মনে হলো, এটি হয়তো কোনো শিক্ষক, কোনো পাদরি বা কোনো সাধারণ মানুষের। এই বস্তুগুলোই আজ তাদের অস্তিত্বের শেষ সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। কক্ষটির এক কোণে প্রদর্শিত হয়েছে তথাকথিত ‘মেডিক্যাল এক্সপেরিমেন্ট’, চিকিৎসাবিজ্ঞানের নামে এখানে যে অমানবিকতা সংঘটিত হয়েছিল, তা ছিল সভ্যতার মুখে এক নির্মম চপেটাঘাত।

বন্দী ব্যারাক, বিশাল রোল–কল স্কয়ার, আর চারদিকে ছড়িয়ে থাকা গভীর নিস্তব্ধতা—সবকিছুই যেন এক ভয়াবহ সত্য উচ্চারণ করছিল। খোলা প্রাঙ্গণে বন্দীদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রেখে গণনা করা হতো; ক্ষুধা, ঠান্ডা বা অসুস্থতা—কোনো কিছুকেই গুরুত্ব দেওয়া হতো না। বন্দীদের প্রক্ষালন কক্ষ, গোসলের ঘর এবং নির্যাতনের শিকার মৃত বন্দীদের কিছু ব্যবহৃত সামগ্রী কাচের শোকেসে সাজানো দেখে শরীর যেন হিমশীতল হয়ে উঠছিল।

একসময় চোখে পড়ল কয়েকজন শীর্ণকায় বন্দীর একটি হৃদয়বিদারক ছবি, যার নিচে লেখা, ‘Nothing but Skin and Bone’ একটি বাক্য, এই একটি ছবি প্রমাণ করে—হিটলারের দোসররা কতটা হিংস্র, কতটা নিষ্ঠুর এবং কতটা অমানবিক হতে পারে! জাদুঘরে হিটলারের নিষ্ঠুরতার প্রমাণ ধরে রাখা এই জায়গাটিকে নিজের চোখে দেখা যে এতটা ভারী অনুভূতির হতে পারে, তা আগে কখনো বুঝিনি।

১৯৩৩ সালের ২০ মার্চ অ্যাডলফ হিটলার ডাকাউ কনসেন্ট্রেশন ক্যাম্পটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। সেদিন হিটলারের সঙ্গে ছিলেন হাইনরিখ হিমলার (এসএস প্রধান) ও নাৎসি পার্টির উচ্চপদস্থ কর্মকর্তারা। হিটলার সাধারণত সরাসরি ক্যাম্প পরিদর্শনে যেতেন না। তিনি ছিলেন নীতিনির্ধারক, আর বাস্তব নির্যাতন ও হত্যাযজ্ঞ পরিচালিত হতো তাঁর নির্দেশনা অনুযায়ী এসএস বাহিনীর মাধ্যমে।

প্রায় ২১ হেক্টর (৫২ একর) এলাকাজুড়ে নির্মিত হয়েছিল ডাকাউর প্রধান কনসেন্ট্রেশন ক্যাম্প। পরবর্তী সময়ে এই ক্যাম্প থেকেই ছড়িয়ে পড়েছিল ভয়ংকর নিষ্ঠুরতার শিকড়। ডাকাউর অধীনে দক্ষিণ জার্মানি ও অস্ট্রিয়াজুড়ে গড়ে উঠেছিল ১৪০টির বেশি উপশিবির। হিটলারের পরাজয়ের পরে অধিকাংশ উপশিবির ধ্বংস করা হয়েছে, অমানবিক ইতিহাসকে মুছে ফেলা হয়েছে, যেন ভবিষ্যৎ প্রজন্ম বর্বরতার কোনো প্রশ্ন করতে না পারে! তবে পুরোপুরি সব মুছে যায়নি, ২০–২৫টি স্থানে এখনো কিছু কিছু স্মৃতিফলক এবং ছোট ছোট স্মৃতিস্তম্ভ বা আংশিক ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে।

ছবি লেখকের পাঠানো

ব্যারাকে ঢুকে প্রথমেই চোখে পড়ল কাঠের বহুস্তরবিশিষ্ট খাট। দুজন বন্দীর জন্য নির্ধারিত খাট হলেও পাঁচ-ছয়জন বন্দীকে গাদাগাদি করে থাকতে বাধ্য করা হতো। শীত, অনাহার, অস্বাস্থ্যকর পরিবেশে রোগ ছড়াত দ্রুতবেগে। খুব ভোরে খোলা আকাশের নিচে রোলকল—ঘণ্টার পর ঘণ্টা তাদের দাঁড় করিয়ে রাখা, কেউ অসুস্থ হলেও কোনো ছাড় ছিল না। ছোট ছোট বাংকার—অন্ধকার, নিশ্বাসরুদ্ধ এই শাস্তিকক্ষে বন্দীদের অমানবিক প্রহার, একাকী বন্দিত্ব এবং মানসিক নির্যাতন ছিল নিয়মিত রুটিন। এখানে বন্দীদের প্রথমে নাম থেকে বঞ্চিত করা হতো, তারপর মর্যাদা থেকে এবং শেষে তাদের জীবন থেকে। আগামী পর্বে শেষ...

বি.দ্র.— ২০২৫ সালের ৮ নভেম্বর আমার ভ্রমণোত্তর ইতিহাস, সংগৃহীত তথ্য ও ব্যক্তিগত অভিজ্ঞতাভিত্তিক লেখা।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: [email protected]