ফেনী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ‘চা-বাগান’ ভ্রমণ
পার্বত্য চট্টগ্রাম সাধারণত ভ্রমণের জন্য বিখ্যাত। গাছপালা, নদ-নদী, পাহাড়, সমুদ্র, লেক, ঝরনা আরও কত কি! সৃষ্টিকর্তা যেন প্রকৃতির পুরো রূপ ঢেলে সাজিয়ে দিল পার্বত্য চট্টগ্রামকে। তার মধ্যে খাগড়াছড়ি জেলা অন্যতম। যদিও খাগড়াছড়ি এককালে কার্পাস মহল নামে পরিচিত ছিল। পরে নদীর নামে এর নামকরণ করা হয় খাগড়াছড়ি। আর এ খাগড়াছড়িতে অবস্থিত আরেক সৌন্দর্যবর্ধনের জায়গা রামগড় চা-বাগান।
রামগড় সীমান্তে শহরে ঢুকতেই দেখা মিলবে ১ হাজার ৪০০ একরের বিশাল চা-বাগান। পঞ্চাশের দশকে স্থাপিত এ চা-বাগান। আর এ চা-বাগান থেকে প্রায় ১৬ হাজার কেজি চা-পাতা উত্তোলন করা হয়। আবার এ বাগানের কেন্দ্রে রয়েছে একটি লেক। এ লেক এবং চা-পাতার সবুজ রং মিলে তৈরি করে এক অনাবিল সৌন্দর্য। রামগড় চা-বাগানের মধ্য দিয়ে বয়ে গেছে ফেনী-খাগড়াছড়ি যাতায়াত সড়ক। এ চা-বাগানে এলে দেখা মিলবে আদিবাসীদের জীবনসংগ্রাম, বৈশিষ্ট্য, সংস্কৃতি, ঐতিহ্য, খাদ্যাভ্যাস ইত্যাদি।
আর এসব সৌন্দর্য উপভোগ করতে ফেনী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা ২০২৩ সালের শিক্ষাসফর হিসেবে খাগড়াছড়ির উল্লেখযোগ্য কয়েকটি জায়গা নির্বাচিত করেন। তার মধ্যে রামগড় চা-বাগানও ছিল। এই শিক্ষাসফর উপভোগ করতে গেল প্রায় ৮১ জনের একটি দল। যেখানে ছিলেন ফেনী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। ঐতিহ্যবাহী ফেনী জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ হলো ফেনী সরকারি কলেজ। আর এ কলেজে ১৫টি বিভাগে অনার্স চালু রয়েছে। তার মধ্যে ব্যবস্থাপনা বিভাগ অন্যতম। কলেজের সব উন্নয়নমূলক কাজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের বিনোদন, বিদ্যাদান, শৃঙ্খলা, ফলাফল—সব দিক থেকে ব্যবস্থাপনা বিভাগ সেরা।
পড়াশোনার ফাঁকে ফাঁকে বিনোদনও প্রয়োজন। এ লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও শিক্ষাসফরের আয়োজন করল ব্যবস্থাপনা বিভাগ। সেই সঙ্গে ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় ফেনী থেকে খাগড়াছড়ি উদ্দেশে রওনা দেয় ব্যবস্থাপনা বিভাগের ভ্রমণকারী দল। রামগড় চা-বাগানে পৌঁছায় সকাল ১০টায়। এরপর সবাই চা-বাগানের সৌন্দর্য উপভোগ করেন এবং স্মৃতি হিসেবে ছবি তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েন।
দিনভর খুবই আনন্দের সঙ্গে কাটালেন সব শিক্ষক-শিক্ষার্থী। যাত্রাপথে গাড়িতে শিক্ষার্থীদের ছিল নাচগান, বিশেষ আকর্ষণ হিসেবে ছিল লটারি কুপন বিতরণসহ বিনোদনমূলক পরিবেশ। অবশেষে ব্যবস্থাপনা বিভাগ এবারও সফলভাবে ভ্রমণ সম্পূর্ণ করল।
কীভাবে যাবেন
ঢাকা, চট্টগ্রাম কিংবা ফেনী থেকে সহজেই বাসযোগে যাওয়া যায় রামগড় ও খাগড়াছড়িতে। এ ছাড়া ঢাকার কমলাপুর, ফকিরাপুল, সায়েদাবাদ প্রভৃতি স্থানেও আছে খাগড়াছড়ির বাস কাউন্টার। আবার ফেনীর মহিপাল ও চট্টগ্রামের অক্সিজেন বাস টার্মিনাল থেকে রামগড় ও খাগড়াছড়ির বাস ছেড়ে আসে। সেখান থেকেও সরাসরি রামগড় চা-বাগানে আসা যায়।
খাওয়া
সাধারণত চা-বাগানের আশপাশে কোনো রেস্তোরাঁ না থাকাতে রামগড় বাজার বা খাগড়াছড়ি শহরে যেতে হবে। খুবই উন্নত মানের খাবারের ব্যবস্থা রয়েছে ওইখানে।
লেখক: মাজহারুল ইসলাম শামীম, শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ।