নেদারল্যান্ডসে ডিজিটাল পরিচয় প্ল্যাটফর্ম প্রকল্পের কারিগরি সহযোগী বাংলাদেশের অরেঞ্জবিডি লিমিটেড

ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড (অরেঞ্জবিডি) নেদারল্যান্ডস রাজ্যের অন্তর্ভুক্ত দেশ সিন্ট মার্টেন সরকারের জাতীয় ডিজিটাল আইডেন্টিটি প্ল্যাটফর্ম নির্মাণ ও বাস্তবায়নের কার্যাদেশ অর্জন করেছে। এই অর্জনের মাধ্যমে নেদারল্যান্ডসের সরকারি প্রকল্পে টানা দ্বিতীয়বার কার্যাদেশ পেল অরেঞ্জবিডি লিমিটেড।

এই প্রকল্পের আওতায় দেশটির জন্য ইলেকট্রনিক আইডেন্টিটি, সিঙ্গেল সাইন অন এবং ইলেকট্রনিক সিগনেচার অবকাঠামো গড়ে তোলা হবে, যার মাধ্যমে সিন্ট মার্টেনের নাগরিকেরা একটি মাত্র নিরাপদ ডিজিটাল পরিচয় ব্যবহার করে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।

বর্তমানে নেদারল্যান্ডসের অঙ্গরাজ্যটির নাগরিকদের সরকারি সেবা নিতে হলে প্রায়ই সশরীর উপস্থিত হয়ে পরিচয় যাচাই করতে হয় এবং একই তথ্য বারবার বিভিন্ন দপ্তরে জমা দিতে হয়। নতুন ইলেকট্রনিক আইডেন্টিটি প্ল্যাটফর্ম চালু হলে নাগরিকেরা একটিমাত্র যাচাইকৃত ডিজিটাল পরিচয় দিয়ে অনলাইনে লগইন করে একাধিক সরকারি সেবা ব্যবহার করতে পারবেন, বারবার কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন কমে আসবে এবং সনদ বা প্রত্যয়নপত্রের মতো নথি পেতে অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমবে। সিঙ্গেল সাইন অন সুবিধার ফলে ভিন্ন ভিন্ন সরকারি পোর্টালে আলাদা আলাদা অ্যাকাউন্ট খোলার ঝামেলা থাকবে না আর ইলেকট্রনিক সিগনেচারের সুবিধা থাকায় সরকারি নথিতে সশরীর স্বাক্ষর বা সিলমোহরের প্রয়োজন ছাড়াই আইনগতভাবে বৈধ ডিজিটাল স্বাক্ষর দেওয়া যাবে। সব মিলিয়ে প্রবাসী নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্যও দূর থেকে সরকারি সেবা নেওয়া সহজ হবে।

প্রকল্পটির কার্যাদেশ অরেঞ্জবিডি লিমিটেডের নেদারল্যান্ডসের চলমান কার্যক্রমের ধারাবাহিকতা। এর আগে প্রতিষ্ঠানটি নেদারল্যান্ডসের অঙ্গরাজ্যটির সরকারের একটি জাতীয় ইন্টার–অপারেবিলিটি প্ল্যাটফর্ম বাস্তবায়নের কার্যাদেশ পেয়েছে ২৭ মাসের জন্য, যার মাধ্যমে দেশটির ৬টি গুরুত্বপূর্ণ সরকারি রেজিস্ট্রি, অ্যাড্রেস রেজিস্ট্রি, ল্যান্ড রেজিস্ট্রি, সিভিল রেজিস্ট্রি, বিজনেস রেজিস্ট্রি, বিজনেস লাইসেন্স রেজিস্ট্রি এবং ট্যাক্সপেয়ার রেজিস্ট্রি, যা পরস্পরের সঙ্গে সংযুক্ত করে তথ্য আদান-প্রদানের একটি একীভূত কাঠামো তৈরি করা হচ্ছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, ব্যবসার নিবন্ধন, জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধন এবং পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবাগুলো ধাপে ধাপে ডিজিটাইজ করা হচ্ছে। এর ফলে নাগরিক বা প্রতিষ্ঠানকে একই তথ্য একাধিকবার জমা দিতে হবে না, বরং এক দপ্তরে দেওয়া তথ্য প্রয়োজন অনুযায়ী অন্য দপ্তরগুলোও ব্যবহার করতে পারবে, যা ‘ওয়ান্স-অনলি’ বা ‘একবার তথ্য দিলেই যথেষ্ট’ নীতির বাস্তবায়ন।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]