গোলাহাট গণহত্যা
গোলাহাট বাংলাদেশের নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়। ১৯৭১ সালের ১৩ জুন মহান মুক্তিযুদ্ধের সময় এই এলাকায় সংঘটিত হয় মর্মান্তিক হত্যাকাণ্ড, যার শিকার ন্যূনতম ৪৫০ জন হিন্দু মাড়োয়ারি। মাড়োয়ারিরা মূলত ব্যবসায়ীশ্রেণির।
অবিভক্ত ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরের কাছাকাছি মাড়োয়ার অঞ্চলসহ বিভিন্ন স্থান থেকে তাঁরা আমাদের দেশে আসেন। বসতি স্থাপন করেন ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য বিভাগীয় শহর ও জেলা: উত্তরবঙ্গের সৈয়দপুর, দিনাজপুর, রাজশাহী, খুলনা, কুষ্টিয়াসহ নানা স্থানে। শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করছেন। যুক্ত থেকেছেন ব্যবসায়। এই অঞ্চলে বাণিজ্য, পাট, চাল ও খুচরা ব্যবসায় নিজেদের অবস্থান সুদৃঢ় করেন।
১৯৭১ সাল। উন্মাতাল পূর্ব বাংলা। নিরাপত্তাহীনতায় ভুগছেন সৈয়দপুরের হিন্দু মাড়োয়ারিরা। এলাকায় বিহারি জনসংখ্যার আধিক্য আর তারা প্রভাবশালী। প্রায় ৬৫ শতাংশ। স্বাধীনতাবিরোধী কাজে তৎপর ছিল বিহারিরা।
এদিকে মুক্তিপাগল বাঙালিরা ১৯৭১ সালের ১৬ ও ২২ মার্চ সৈয়দপুরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। উত্তেজনা ছড়িয়ে পড়ে বিহারিদের মধ্যে। ২৩ মার্চ শুরু হয় দাঙ্গা। ২৪ তারিখে তা ব্যাপক আকার ধারণ করে। ২৫ মার্চ সকাল থেকে তারা আরও মারমুখী হয়ে হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ করতে থাকে।
১ জুন ১৮৫ জন মাড়োয়ারিকে বিহারিরা আটক করে সৈয়দপুর ক্যান্টনমেন্টে নিয়ে যায়। পাকিস্তানিদের কাছে মাড়োয়ারিদের ভারতীয় দালাল বলে উপস্থাপন করে। অত্যাচার, নির্যাতন আর গণহত্যার শিকার হন হিন্দু মাড়োয়ারিরা। বাকিরা ছিলেন যেন খাঁচায় বন্দী।
পাকিস্তানিরা সৈয়দপুরের হিন্দুদের নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এর প্রচার চালানো হয়। এই আশ্বাসের ভিত্তিতে এদের তত্ত্বাবধানে ১৩ জুন সকাল থেকে হিন্দু মাড়োয়ারিরা সৈয়দপুর ও পার্শ্ববর্তী এলাকা থেকে সৈয়দপুর রেলস্টেশনে জমায়েত হন। নির্ধারিত ট্রেনে ওঠেন। ট্রেনে করে চিলাহাটির দিকে। কিছুদূরে গোলাহাট রেল কারখানার শেষ মাথায় এসে থেমে যায় এই মৃত্যুট্রেন। যাত্রীরা দেখতে পান সশস্ত্র বিহারি, রাজাকার আর পাকিস্তানের সেনাদের। জানালা দিয়ে মুখ বের করা একজনের মাথা কেটে ফেলল।
মহিউদ্দিন গুন্ডা, মিউনিসিপ্যালিটির পিয়ন মহিউদ্দিন, মেহেদী পানওয়ালা, ফরহাদ টেইলারসহ আরও অনেকে। লাফ দিয়ে ওঠে ট্রেনে। হাতে রামদা, বল্লম, তলোয়ার আর অন্যান্য মারণাস্ত্র। কাটতে থাকে একজনের পর একজনকে। মায়ের কোল থেকে ছিনিয়ে নেয় শিশুকে। একটানে ছিঁড়ে ফেলে হাত–পা,আকাশের দিকে ছুড়ে দিয়ে তলোয়ার বিদ্ধ করে নিচের দিকে নেমে আসা সেসব শিশুদেহকে। আবার কাগজ ছেঁড়ার মতো দুই পা দুই দিকে ছিঁড়ে ফেলে অনেক শিশুদেহ। ট্রেন থেকে লাফিয়ে নামাদের মেশিনগানের ব্রাশ ফায়ারে শেষ করে দেয়।
হত্যাকারীদের অনেকেই মাড়োয়ারিদের চেনাজানা ও পরিচিতজন। অনেক অনুনয়–বিনয় করেও বাঁচতে পারেননি তাঁরা।
বিভৎস হত্যাকাণ্ড দেখে অনেক ট্রেনযাত্রী হত্যাকারীদের অনুরোধ করেন তাঁদের গুলি করে মেরে ফেলতে। পাকিস্তানিরা বলে যে না, পাকিস্তান সরকারের গুলির দাম আছে। তাই এদের মারতে গুলি খরচ করা হবে না। রক্তে রক্তে ভেসে যায় গোলাহাট রেলওয়ে কালভার্ট, সেই গণহত্যা লীলাভূমি।
সেই নারকীয় হত্যাকাণ্ড থেকে অলৌকিকভাবে ফিরে আসা প্রত্যক্ষদর্শীদের কথা আমরা শুনি।
মানবসভ্যতার এই নৃশংস হত্যাকাণ্ডে দায়ী সৈয়দপুর শান্তি কমিটির চেয়ারম্যান বিহারি কাইয়ুম খান।
বাংলার বুকে শহীদ সেই মাড়োয়ারিদের প্রতি আমি নতশির, অতল শ্রদ্ধা আর সালাম।
বিচার চাই সব গণহত্যার।
*লেখক: খালিদা আক্তার, নির্বাহী পরিচালক, জেনোসাইড জাস্টিস অ্যান্ড রিসার্চ ফোরাম
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]