অসমাপ্ত
‘একটা ঘ্রাণ পাচ্ছ?’
‘কিসের?’
‘রজনীগন্ধার।’
‘কই, নাতো। এখানে রজনীগন্ধা কোথা থেকে আসবে!’
‘তা–ও ঠিক।’
‘এসব ছাড়ো। চলো ওদিকটাতে গিয়ে বসি। নদীর ধারে।’
‘হুম, চলো’
‘জানো, এখন না আমার একটা কবিতার কথা খুব মনে পড়ছে!’
‘কোন কবিতা?’
‘ব্রাউনিংয়ের Porphyria's Lover!’
‘হঠাৎ কেন?’
‘কারণ, সেখানে প্রেমিক তার প্রেমিকার সাথে মিলনের মুহূর্তকে স্মরণীয় করতে তার চুল গলায় পেঁচিয়ে তাকে মেরে ফেলে...’
‘তুমিও কি এমন কিছু করতে চাইছ নাকি?’
‘আরে না...আমি তো মজা করছিলাম।’
‘জানি। যাই হোক আজকের চাঁদটা খুব সুন্দর, তাই না?’
‘হুম, আজ বোধ হয় পূর্ণিমা!’
‘বি.বাসু লেনে ব্রিজের ধারে একটি রহস্যজনক মৃত্যু। এক তরুণের লাশ উদ্ধার হয়েছে, অথচ কোনো ক্ষতচিহ্ন নেই! শেষবার তাকে দেখা গেছে এক তরুণীর সাথে। আশ্চর্যের বিষয় সে–ও নিরুদ্দেশ! বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।’
পুলিশের তদন্তে আরও জানা গেছে, মৃতের হাতে দুটো নখের আঁচড় ছিল এবং তার পকেটে পাওয়া গেছে এক লাইনের একটা চিঠি ‘quite sure i am he felt no pain...’
লেখক: তাসমিয়া জাহান নীলা, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]