আইন মেনে ব্যবসায়িক স্বচ্ছতা: ‘রিভার ফিশ’-এর কর্মীদের ভোক্তা আইনবিষয়ক প্রশিক্ষণ

নিরাপদ পণ্য সরবরাহ, সঠিক প্যাকেজিং ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে অনলাইনভিত্তিক প্রাকৃতিক মাছ বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘রিভার ফিশ’। ভোক্তা-অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়াতে গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির কার্যালয় পরিদর্শন শেষে ‘ক্যাফে কলম্বিয়া’য় এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির শুরুতে অধিদপ্তরের কর্মকর্তারা ‘রিভার ফিশ’-এর সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ বিষয়ে একটি বিস্তারিত প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। এতে ‘রিভার ফিশ’-এর সেলস, মার্কেটিং ও প্যাকেজিং টিমের সদস্যদের আইনের বিভিন্ন ধারা, ভোক্তার অধিকার রক্ষা এবং আইনসম্মত উপায়ে ব্যবসা পরিচালনার নানা নিয়ম শেখানো হয়।

অনুষ্ঠানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নোমান ফারুক উপস্থিত ছিলেন।

কর্মশালায় অধ্যাপক নোমান ফারুক বলেন, ‘উদ্যোক্তাদের নিজেদের ব্যবসার স্বার্থেই ভোক্তা-অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। এতে সেবার মান যেমন উন্নত হয়, তেমনি গ্রাহকদের মধ্যে প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা বহুগুণ বেড়ে যায়।’

রিভার ফিশের উদ্যোক্তা ফারজানা আকতার বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি গ্রাহকদের নিরাপদ ও মানসম্মত প্রাকৃতিক উৎসের মাছ সরবরাহ করতে। তবে শুধু ভালো পণ্য দেওয়াই যথেষ্ট নয়, আইন মেনে ব্যবসায়িক স্বচ্ছতা রক্ষা করাও সমান জরুরি। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালাটি আমাদের টিমের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]