ক্ষণিকের মোহ

ফুটেছে মনের আঙিনায়

চমক লাগা এক নিষিদ্ধ ফুল,

কাঁটা ভরা সর্বনাশের সংকেত সেথা,

তবুও হয়ে যায় ভুল।

রূপে রসে সুগন্ধে

মাতাল করা নেশা লাগে মনে,

ক্ষণিকের আনন্দ

ধাবিত করে অশান্ত জীবনে।

মোহ ভুলে ভালোবাসা

পারে না কি জয়ী হতে?

তবে কি ভুল দুটো সত্তা ছিল

সংসার আঙিনাতে?

যে হাত বাড়িয়ে সুখের স্বপ্ন

দেখেছিল দুটি প্রাণ,

কোন মাদকতায় জড়িয়ে ওরা

গাইছে আজ বিচ্ছেদের গান?

পরকীয়া আসে চুপিসারে

যেন ফুরফুরে বসন্ত বাতাস,

প্রথমে রঙিন, হাসি–আনন্দ

আর ক্ষণিকের উল্লাস।

তারপর গভীর অন্ধকার আনে

ক্লান্ত বিষণ্ন নয়ন বারি,

ভেঙে দিয়ে মন একদিন

পরকীয়া করে সর্বনাশ তারি।

একবার ভেঙে গেলে বিশ্বাস,

জুড়ে দেয়া সহজ নয়,

যদিওবা লাগে জোড়া

ফাটলের চিহ্ন সেথা রয়।

যে প্রেম সত্য

আলোর দিশাতে সে প্রস্ফুটিত হয়,

ছলনায় ভুলে গেলে

ভালোবাসার হয় পরাজয়।

পচন লেগেছে সমাজে

আজ পরকীয়ার প্রসারে,

দগ্ধ–বিদগ্ধ জীবন

প্রিয়জনের গোপন অভিসারে।

নিষিদ্ধ ফুলে মুগ্ধ আজি

নারী কিংবা পুরুষ ভ্রমর,

মধু নেবার ছলে হুল ফোটায়

জ্বালাময় বিষাক্ত অন্তর।

সত্যিকার প্রেমে দুটি জীবন

একসাথে চায় বাঁচতে,

সুখ–দুঃখের সাথি হয়ে

চিরকাল পাশাপাশি থাকতে।

হৃদয় যদি ভালোবাসতেই চায়

তবে হোক সে পবিত্র, হোক অনন্য,

পরাজিত হোক ক্ষণিকের মোহ

সত্যের পাশে দাঁড়িয়ে জীবন হোক ধন্য।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]