ঢাকার সুবিধাবঞ্চিত নারীদের পাশে ইনার হুইল অগ্রদূত সদস্যরা
ঢাকার ইনার হুইল ক্লাব অব অগ্রদূত দাতব্য কার্যক্রমের অংশ হিসেবে রাজধানী ও এর আশপাশে স্কুলছাত্রী, গর্ভবতী নারীসহ বেশ কিছু সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন ও পুষ্টিকর খাদ্য বিতরণ করেছে।
দরিদ্র পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও স্বাস্থ্যসেবা প্রদান এবং স্থানীয় পরিবেশ সুরক্ষা উদ্যোগে কাজ করার লক্ষ্যে বছরব্যাপী একটি কর্মসূচিও চূড়ান্ত করেছেন এই ‘উদ্যমী নারীরা’; বিশ্বের অন্যতম বৃহত্তম স্বেচ্ছাসেবী নারী সংগঠন ইনার হুইল ক্লাব রোটারি ক্লাবের নারী শাখা।
অগ্রদূতের সদস্যরা তাঁদের মানবিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সম্প্রতি ঢাকার বনানীতে আয়োজিত ‘অফিশিয়াল ক্লাব ভিজিট’ অনুষ্ঠানে।
ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর চেয়ারম্যান শামীম খন্দকার, ডিস্ট্রিক্ট সেক্রেটারি ও প্রাইম ব্যাংকের পরিচালক নাসিম আনোয়ার হোসেন এবং অগ্রদূতের প্রতিষ্ঠাতা সভাপতি ও সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের পরিচালক কাউসার জাহান ফরিদা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ক্লাব সদস্যদের চলমান দাতব্য কার্যক্রমের প্রশংসা করে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান বলেন, ‘ক্লাবের লক্ষ্য অর্জন এবং আমাদের সমাজের অসহায় মানুষ, বিশেষ করে নারীদের পাশে দাঁড়াতে আমরা আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখব।’
অগ্রদূতের সভাপতি কামরুন নাহার শিউলি, বিদায়ী সভাপতি শাহিনা হাসান, সহসভাপতি আঞ্জুমান নাহার ও মহুয়া খায়ের, সম্পাদক শারমিন জাহান তিথি, কোষাধ্যক্ষ আঞ্জুম আক্তার বেলী, ক্লাব সেক্রেটারি মৃদুলা রশিদ, আইএসও সাবরিনা সাদাত, কার্যনির্বাহী কমিটির সদস্য হাসিনা জামশেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ক্লাব সদস্যরা অনুষ্ঠান শেষ করেন।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]