বৃষ্টির কান্না
অঝোর ধারায় ঝরিছে আজ আবার বৃষ্টির কান্না,
দেখেছিলেম বৃষ্টি সেদিন শুধু তুমি আমি দুজনা।
ধূমায়িত চায়ের কাপে চুমুক দিয়ে সেই বৃষ্টি দেখা,
আজ তুমি নেই বলে দেখছি বৃষ্টি আমি একা।
মেঘের ভেলায় ভেসে আসা ঝিরিঝিরি বৃষ্টির কণাগুলো,
জানালার কাচে হীরক কুঁচির মতো ঝিলমিল করছিল।
হঠাৎ তুমি দুহাত বাড়িয়ে অঞ্জলি ভরে তুলে নিলে জল,
ছিটকে পড়া সেই জলে শিক্ত মুখমণ্ডল, মোর চূর্ণ কুন্তল।
কিছুটা অপ্রস্তুত কিছুটা অনুরাগের আবেশে অভীভূত হলেম,
আঁচলে মুখ লুকিয়ে তখন পালিয়ে বাঁচতে চেয়েছিলেম।
বলিষ্ঠ হাতে তোমার হাত চেপে ধরা, উষ্ণ নিশ্বাস,
ছিল সেথায় এক গভীর প্রেমানুভূতি, ছিল অপার বিশ্বাস।
সে কথা ভেবে, আজও আমি রাঙ্গা হই লাজে,
আজ আবার বৃষ্টির কান্না হৃদয়ের গভীরে বাজে।
ফিরে এসে যদি আবারও ধরতে এ দুটো হাত,
রংধনুর রঙে সেজে উঠত অশ্রুভেজা এই রাত।
জলে ভেজা বাতাসে কী জাদু আছে কে জানে?
নীরবে বলে যায় কিছু কথা শুধু কানে কানে।
যত কান্না জমে আছে ওই মেঘ আর এই বুকে,
প্রেম সুধা রস হয়ে গলে যাক শুধু দুজনার সুখে।
নামুক বৃষ্টি আবার, ভিজুক দুটি প্রেমাসক্ত প্রাণ,
মিলনের সুরে বাঁধুক আজ শুধু জীবনের জয়গান।
যতদিন ঝরবে শ্রাবণের এই অঝোর ধারার বৃষ্টি,
বাতায়নে রইবে চেয়ে মোর তৃষিত নয়ন দুটি।
*লেখক: জাহান সৈয়দ মিনা, ঢাকা, বাংলাদেশ
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]