ইবি ক্যারিয়ার ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। দিনটি উদ্‌যাপন উপলক্ষে গতকাল সোমবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে থেকে আনন্দমিছিল বের করেন সংগঠনের সদস্যরা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির ১১৬ নম্বর কক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ফারজানা ইসলাম মাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মুর্শিদ আলম। এ সময় অতিথি হিসেবে ছিলেন ইবি প্রেসক্লাবের সভাপতি সরকার মাসুম, ইবি ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান ও সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল মুরাদ।

অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম ও সহসাংগঠনিক সম্পাদক সামিহা চৌধুরী প্রিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক আশিফা ইসরাত জুঁইসহ সংগঠনের কার্যনির্বাহী ও অন্য সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

এ দিকে মধ্যাহ্নভোজের পর বেলা দুইটার দিকে পাবলিক স্পিকিং ও সাংগঠনিক আচরণবিধি–বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে সংগঠনটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

‘ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়্যার’ স্লোগানকে সামনে রেখে ২০২০ সালের ১৭ অক্টোবর শিক্ষার্থীদের ক্যারিয়ার–বিষয়ক সচেতনতা ও সার্বিক সহযোগিতার লক্ষ্যে যাত্রা শুরু করে ইবি ক্যারিয়ার ক্লাব।