বরিশাল জিলা স্কুলের আ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত
প্রাচীন ও দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বরিশাল জিলা স্কুলের প্রাক্তন ছাত্র প্রতিনিধিদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।
১৯৫০ থেকে ২০২৩ সাল পর্যন্ত এসএসসিতে উত্তীর্ণ ৭৪ ব্যাচের ছাত্র প্রতিনিধিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময় করেন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জিলা স্কুল থেকে ১৯৫০ সালে এসএসসিতে উত্তীর্ণ প্রাক্তন ছাত্র সাহাবুদ্দিন আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১৯৯১ সালে এসএসসি উত্তীর্ণ প্রাক্তন ছাত্র দিপু হাফিজুর রহমান।
এর আগে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্দেশে প্রাক্তন ছাত্র প্রতিনিধিদের এক সভায় ১১ সদস্যের একটি ওয়ার্কিং টিম গঠন করা হয়েছিল। এই টিম একটি উপদেষ্টা পরিষদ ও পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাবসহ সভায় একটি প্রতিবেদন উত্থাপন করেন। প্রতিবেদনের ওপর বিস্তারিত আলোচনা শেষে কণ্ঠভোটে ক্যাপ্টেন (অব.) মমতাজ উদ্দিন আহমদকে আহ্বায়ক করে প্রস্তাবিত আহ্বায়ক কমিটিকে সর্বসম্মতিতে অনুমোদিত হয়। এ আহ্বায়ক কমিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করে যথাশিগগির সম্ভব একটি সাধারণ সভা আয়োজন করে খসড়া সংবিধানটি অনুমোদন এবং একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণ করবে। বিজ্ঞপ্তি