জীবনের জয়গান

অলংকরণ: মাসুক হেলাল

শ্রাবণ দিনে আজি এই বৃষ্টির বরিষন,
বাতায়নে চেয়ে দেখি বিষণ্ন ধূসর গগন।
চারদিকে শুধু অথই জল আর জল,
জনপদে নেমেছে আজি বৃষ্টির ঢল।
নারকেল পাতারা বৃষ্টির ছোঁয়ায় শিহরিত যখন,
জলের ধারা আম্রপল্লবকে করে আলিঙ্গন।
মাঝে মাঝে গরজে বজ্র নিনাদ গগন ভেদি,
বৃষ্টির জলে নগরে প্রান্তরে বয়ে যায় নদী।
অথই জলে হাবুডুবু প্রাণ কূল খুঁজে না পায়,
গাছে চড়ে প্রসূতি মা যে আজ জীবন বাঁচায়।
কী খেয়ে বাঁচবে বন্যাকবলিত মানুষের দল,
কোলের শিশুটি ক্ষুধায় কাঁদে, মায়ের চোখে জল।
একমুঠো ভাতের আশায় জীবন যে হলো মরিয়া,
গৃহহারা মানুষের নিশ্বাস যেন এক ব্যথার দরিয়া।
কে আছ কোথায়, হাত বাড়িয়ে ধরো হাত,
মানবতার ডাকে সাড়া দিয়ে আসুক নতুন প্রভাত।
প্রতিটি হৃদয়ে জ্বালো আজি আলোর নূর,
ভালোবাসার জয়ে হোক সব অমানিশা দূর।
উঠবে রোদ্দুর, ফিরবে হাসি, ফিরবে প্রাণ,
নতুন সকালে গাইবে সবাই জীবনের জয়গান।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]