ঝিমুর গল্প
শিশুরা পক্ষপাতিত্ব করে। তা না হলে বাবার চেয়ে মায়ের মাথায় বেশি চুল কেন থাকবে? বাবার মাথার চুল পিচ্চি ঝিমু একটা একটা করে ছিঁড়েছে। সারা দিন বাবা বাসায় থাকলে ঝিমু বাবার মাথা টাক বানাতে যে চেষ্টার ত্রুটি করত না তা বোঝাই যায়!
একই ঝিমু মায়ের কোলে উঠলে কত সুন্দর করে চুল না ছিঁড়ে খেলা করে। আরও কত কী বলে শিশুদের ভাষায়। এ ভাষা পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষাগুলোর একটি! একমাত্র মায়েরা এ ভাষার এ–টু–জেড বোঝেন।
সেদিন বাবা কোলে নিয়ে ঝিমুকে নিয়ে আদর করছেন, মেয়ে জুড়ল কান্না। তাকে থামানো বাবার কম্ম নয়। কোল থেকে নামান, কান্নার গতি বাড়ে। আবার কোলে নেন, কান্নার গতি আরও বাড়ে।
সে কী যে বলে, তা বাবা তো ভালো, বাবার বাবাও বোঝে না।
মা এসে দুই মিনিটে কান্না থামান।
ঝিমু মায়ের চুল না ছেঁড়ার কারণ কী, বাবা ভেবে পান না।
নাগরিক সংবাদ-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
মাকে জিজ্ঞেস করতেই মা উল্টাপাল্টা উত্তর দেন। আরো অনেক বাজে বাজে কথা বলেন। তার মধ্যে একটা হলো ‘বুইড়া মানুষের মাথায় চুল না থাকলে কী হয়?’
বাবার ভালো লাগে না। ভালো লাগার জন্য তিনি পিচ্চি ঝিমুকে কোলে নেন। সন্তানকে কোলে নিলে মন্দ লাগা দূর হয়। তার হাসি মন্দ লাগার সমাপ্তি টানে।