সাংহাইয়ে ৩০তম চীন আন্তর্জাতিক সাইকেল মেলা
‘অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় প্রচারের জন্য উইন-উইন সহযোগিতা’ প্রতিপাদ্য নিয়ে চীনের সাংহাই শহরে ৩০তম চীন আন্তর্জাতিক সাইকেল মেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। একদল বাংলাদেশি ব্যবসায়ী এই আন্তর্জাতিক সাইকেল মেলায় অংশ নিয়েছিলেন।
৫ থেকে ৮ মে পর্যন্ত ৩০তম চীন আন্তর্জাতিক সাইকেল মেলা সাংহাই নতুন আন্তর্জাতিক এক্সপো সেন্টারে অনুষ্ঠিত হয়। মেলাটি চীন সাইকেল সমিতি স্পনসরে এবং সাংহাই শিয়েশং প্রদর্শনী কোম্পানি লিমিটেডের সহায়তায় আয়োজন করা হয়। তা ছাড়া এক্সপোতে বিদেশি ক্রেতাদের আয়োজনে সহায়তা করে ইউ বয়ু এক্সিবিশন সার্ভিস কোম্পানি লিমিটেড (এমি ফেয়ার)।
প্রদর্শনীটি ১ লাখ ৩৫ হাজার বর্গমিটার অঞ্চলজুড়ে অবস্থিত এবং মেলাতে শীর্ষস্থানীয় সাইকেল নির্মাণকারী প্রতিষ্ঠান ফিনিক্স, ফরএভারসহ এক হাজারের বেশি প্রতিষ্ঠানের জন্য ৬ হাজার বুথ স্থাপন করা হয়। এক্সপোতে প্রদর্শিত পণ্যগুলো হলো বাইসাইকেল, ই-বাইক, বাচ্চাদের বাইক, স্কুটার, ব্যালেন্স কার, মোটরসাইকেলের যন্ত্রাংশ, রাইডিং সরঞ্জাম, সাইক্লিং এবং বহিরাঙ্গন ক্রীড়া–সম্পর্কিত সরঞ্জামসহ অন্যান্য যন্ত্রাংশ।
চীন বাইসাইকেল অ্যাসোসিয়েশন অনুসারে, বিশ্বের প্রধান সাইকেল উৎপাদক ও রপ্তানিকারী হিসেবে চীন আন্তর্জাতিক সাইকেল বাণিজ্যের পরিমাণের ৬০ শতাংশের বেশি অবদান রাখে। সমিতিটি আশা করে, এ বছর চীনের বাইকের আউটপুট ৮০ মিলিয়ন ইউনিটে পৌঁছে যাবে এবং শিল্পের রপ্তানি প্রায় ১০ শতাংশ বাড়বে।
এদিকে সাইক্লিং ই-স্পোর্টসের জনপ্রিয়তা ও বিকাশ, জাতীয় ফিটনেস সচেতনতা উন্নত করতে এবং ক্রীড়া সংস্কৃতি ও ই-স্পোর্টসগুলোর সংমিশ্রণকে উৎসাহিত করার জন্য মেলা চলার সময় চীন সাইক্লিং ই-স্পোর্টস জাতীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল।
মোট ১৫০ জন বিদেশি ব্যবসায়ী এই সাইকেল মেলায় অংশ নিয়েছিলেন। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভারত, পাকিস্তান, নেপাল, ইউক্রেন, বেলারুশ, রোমানিয়া, মিসর, সিরিয়া, ইরাক, ইরান, প্যালেস্টাইন, জর্ডান, ইয়েমেন, সুদানসহ ৩০টি দেশ ও অঞ্চল থেকে বিদেশি ক্রেতারা সাইকেল মেলায় অংশ নেন।