সঙ্গনিরোধের স্বরূপ

নিমিলিত নেত্রে ডেকচেয়ারে আধশোয়া

ঘুরিফিরি কাবুলের সরণিতে
তসবিরের তুরীয় তরজায়...
কখনোবা কাটে সময় ধ্রুপদি সংগীতে,
ক্রমাগত ফিটকিটি জলে হাত ধুই
ঘুচে যায় সীমান্ত...দেশ-বিদেশের প্রভেদ
প্রতীক্ষার ক্যাকটাসে কণ্টক ছুঁই,
কেমন আছে সুকুমার সেহেলি ফেরিশতা সমন্দর?
বাইরে বেরোনো তারও কি নিষেধ
পৃথিবী বিরান হলে ভিনগ্রহে বাঁধবে কে বাসর?
ফিরে যাই কখনো...মন্দির মুগ্ধ ভিয়েনচানে
পদ্মাসনে নিমগ্ন সন্ন্যাসী হাতে ভুর্জপত্র,
শুশুক উথলে উঠে মুমূর্ষু মেকং নদীর পরিত্রাণে
অমিতাভ গৌতমের শিরে কাঁপে শিরীষের ছত্র।

ভেবেছি যাকে নিশীথের নিরালায়...মাঝে-সাঝে
অনেক দিন পাইনি তার সংবাদ,
পিঁপড়ার মতো ব্যস্ত থেকেছি সংসারের কাজে
করা হয়নি মহার্ঘ কিছু প্রতিবাদ,
শুঁকতে চেয়েছি শতরঞ্জ প্রসূনের নিঙানো সুরভি
পুড়েছে সময়ের ধূপ,
কালো কুঠুরিতে ফুটেছে চন্দনের ছবি
জানা হলো সঙ্গনিরোধের স্বরূপ।