
বেশ কয়েক মাস যাবৎ অম্লজনিত পেটের পীড়া প্রশমনে একটি ওষুধ খেতে হচ্ছে আমায়; যদিও এ যাবৎ ওষুধ কিনতে নিজে একবারও যাইনি ফার্মেসি। সংসারের তেল-নুন-মাছ-শাকের মতো করে ওষুধকেও অন্তর্ভুক্ত করে রেখেছি বাজারের ফর্দের সঙ্গে। কন্যার পিতার দপ্তর এটি, তার জন্য একটু বাড়তি শাস্তির ব্যবস্থা আর কী! তবে, কয়েক দিন আগে সকালে ওষুধ খেতে গিয়ে দেখলাম আর মাত্র দুখানা বড়ি আছে। এদিকে কন্যার পিতা সেদিন মহাব্যস্ত! আমার দেওয়া বাড়তি মধুর শাস্তি গ্রহণের সময় মিলবে না তার। অগত্যা ফার্মেসি দৌড়োনোই বুদ্ধিমানের কাজ।
এখানকার নিয়ম অনুযায়ী এক ফার্মেসি থেকেই সারা বছর ওষুধ কিনতে হয় মানে কেনা ভালো। এতে করে রোগীর নিজেরই লাভ। যেমন ধরুন; কেউ খুবই অসুস্থ, যেতে পারছেন না ফার্মেসি অবধি, কোনো সমস্যা নেই। ফোন করে আপনার হেলথ কার্ড নম্বর, বাসার ঠিকানা, ফোন নম্বরসহ আপনার বিবরণ দিয়ে দিন। বাসায় চলে যাবে আপনার ওষুধ এবং তা যথাসময়েই। আপনার ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট করার সময় হয়ে গেল, আপনি সারা বছরের ক্রয়কৃত ওষুধের ভাউচার চান? পেয়ে যাবেন এক মিনিটেই আপনার নির্ধারিত ফার্মেসি থেকে। কারণ, এখানে সবকিছু ডেটাবেইস; সবকিছু সিস্টেমেটিক! এ জাতীয় আরও অনেক বাড়তি সুবিধে আছে যা রোগীর পক্ষেই সুখকর।
এই ওষুধপত্র কিনতে গিয়ে বাংলাদেশি এক ফার্মেসি মালিকের সঙ্গে পরিচয় এবং তারপর থেকে আমরা তার কাছ থেকেই প্রয়োজনীয় ওষুধপত্র কিনি। প্রথমবার যখন গিয়েছিলাম, তিনি জানতে চাইলেন আমরা নতুন অভিবাসী কিনা; সে ক্ষেত্রে তিনি আমাদের ওষুধসংক্রান্ত ব্যয়ের সাশ্রয় হয় এমন সাহায্য করতে পারেন। তাঁর পরামর্শ অনুযায়ী আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাবরে প্রচলিত নিয়মানুযায়ী দরখাস্ত করলাম, যা ‘অন্টারিও ট্রিলিয়াম ড্রাগ প্ল্যান’ নামক একটি প্রকল্পের আওতাধীন। আমাদের দরখাস্তটি যথারীতি অনুমোদন পেয়ে গেল অতি স্বল্প সময়েই।
এই ‘অন্টারিও ট্রিলিয়াম ড্রাগ প্ল্যান’-এ কী কী সুবিধে পাওয়া যাবে সে বিষয়ে বিস্তারিত জানতাম না তখনো। ভেবেছিলাম, স্বাস্থ্যব্যয় অত্যধিক হলে কিংবা জটিল কোনো ব্যাধিতে আক্রান্ত হলে তখনই হয়তো এই প্ল্যান আমাদের কাজে লাগবে। কিন্তু আবেদন গৃহীত হওয়ার পরের মাসেই দেখলাম, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের তিনজনের নামে তিনখানা চেক এসেছে। যার যোগফল কম করে হলেও দেড় শ ডলার হবে। কোনো প্রকার কারণ অনুসন্ধান না করেই বুঝলাম, স্বাস্থ্য মন্ত্রকের কর্তা মহাশয় আমাদের আবেদনের প্রেক্ষিতে আনন্দিত হয়ে প্রতি মাসের ওষুধ বাবদ আমাদের খরচের বিলটি আমাদেরই ফেরত পাঠিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রকের এই কাণ্ডকারখানা দেখে আমিও যার পর নয় আনন্দিত হলাম।
বলা বাহুল্য, একটি সুনির্দিষ্ট মনিটরিং ব্যবস্থার মাধ্যমেই এই সেবাদান প্রকল্পটি পরিচালিত হয়ে থাকে। কানাডা রেভিনিউ এজেন্সিতে ব্যক্তির আয়-ব্যয় সম্পর্কিত সকল তথ্য সংরক্ষিত থাকে। আর সেসব তথ্যই মনিটরিংয়ের কাজে লাগে। প্রতি মাসে আমরা আমাদের ওষুধের বিল স্বাস্থ্য মন্ত্রকে পাঠিয়ে দিই এবং তদুত্তরেই আমাদের নামে চেক ইস্যু হয়ে থাকে।
উল্লেখ্য, এই বন্দোবস্তটি শুধু নতুন অভিবাসী কিংবা দরিদ্রদের জন্যই নয়, এই সুব্যবস্থা এ দেশের নাগরিকদের জন্যও সমানভাবে প্রযোজ্য। সে ক্ষেত্রে যে সকল বিষয় বিবেচনায় নেওয়া হয়ে থাকে তা হলো; পরিবারের মোট মাসিক আয়, মোট ব্যয়, মোট সদস্য সংখ্যা এবং মাসিক স্বাস্থ্য খাতে ব্যয়ের বিবরণী। এই চারের সমন্বয়েই আর্থিক সুবিধাদি নির্ধারিত হয়ে থাকে। পরিবারের আয় বনাম নিয়মিত খরচের পরে ওষুধের জন্য অতিরিক্ত ব্যয় বাবদ অর্থের পরিমাণই পরিবারকে প্রদান করা হয়ে থাকে। তবে, এ জন্য সুবিধা গ্রহণকারীকে অবশ্যই দরখাস্ত পাঠাতে হবে, নইলে তাঁরা স্বাস্থ্যসেবার এই প্রকল্পধীন হবেন না। যদিও, ২০১৮ থেকে পঁচিশ বছরের নিচে সকল রোগীর প্রেসক্রিপশন মেডিসিন বিনা মূল্যে দেওয়া হবে মর্মে আইন পাস হয়েছে।
বলা বাহুল্য, এখানে স্বাস্থ্যসেবা ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত! জেনারেল ফিজিশিয়ানসহ বিশেষজ্ঞ দেখানো ও প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা সকল বয়সের সব মানুষের জন্য বিনা মূল্যে প্রদান করা হয়ে থাকে। এ ছাড়া শিশু ও বয়স্কদের জন্য বিনা মূল্যে সেবাদানের কিছু নির্দিষ্ট প্যাকেজ রয়েছে, এটিও সাধারণ স্বাস্থ্যসেবার বাইরের সে জাতীয় একটি প্রকল্প।
যা হোক, এবার ফিরি আমার ওষুধ কেনার ফিরিস্তিতে আবার। পাঠকের স্মৃতি হাতড়ালে হয়তো আমার মতোই মনে পড়ার কথা, গ্রাম্য বাজারে কবিরাজ মহাশয় কিংবা হোমিওপ্যাথিক ডাক্তারের চেম্বারে ওষুধের খালি বোতল নিয়ে গিয়ে রোগীরা ওষুধ আনতেন। এখানেও সেভাবে খালি বোতল নিয়ে গিয়ে ফার্মেসিতে ওষুধ কেনার রীতি প্রচলিত। প্রথমটায় না জেনেই এই ব্যবস্থাকে হাস্যকর ও ব্যাকডেটেড রীতি ভেবেছিলাম। কিন্তু জানার পরে দেখলাম, এই ব্যবস্থার পেছনের কারণটা মহৎ ও যুক্তিযুক্ত। আমাদের দেশের মতো যে কেউ গিয়ে ওষুধ চাইলেই ফার্মাসিস্ট তাদের চাহিদা মতো ওষুধ সরবরাহ করতে বাধ্য নন। তাঁকে জানতে হবে যে সেই ওষুধ কেনার জন্য আইনগতভাবে আদিষ্ট হয়েছেন কিনা ক্রেতা। অর্থাৎ, কোনো ফিজিশিয়ানের স্বাক্ষরসমেত রোগীর নামে ব্যবস্থাপত্র আছে কিনা সেটা নিশ্চিত হয়েই ফার্মাসিস্ট রোগীকে ওষুধ দেবেন। অতঃপর তাঁর প্রথম ও প্রধান কর্তব্য হলো রোগীর কাছ থেকে ব্যবস্থাপত্রটি তৎক্ষণাৎ ছিনিয়ে নেওয়া; যাতে করে রোগী নির্ধারিত ডোজের বাইরে কোনো প্রকার ওষুধ অন্য কোনো ফার্মেসি থেকে দ্বিতীয় দফায় কিনতে না পারেন!
ফার্মেসির কম্পিউটারে রোগীর ব্যবস্থাপত্রের যাবতীয় তথ্য সংরক্ষিত থাকে। ব্যবস্থাপত্রে যদি উল্লেখ থাকে রোগী কোনো ওষুধ রিপিট করতে পারেন তবেই কেবল রোগী বোতলসমেত হাজির হলে দ্বিতীয় বা তৃতীয় দফায় একই ওষুধ কিনতে পারেন। কারণ ফার্মাসিস্টের কম্পিউটারে আর ওষুধের বোতলে একই ধরনের তথ্যসংবলিত লেভেল থাকে, যা দেখে সহজেই রোগীর ব্যবস্থাপত্র বের করা সম্ভব হয়। অতএব, বোতলই একমাত্র ও শেষ ভরসা। তবে, ব্যবস্থাপত্রের বাইরেও আমাদের দেশের মতো প্যারাসিটামল ও গ্যাস্ট্রিক নিরোধক কিছু ওষুধ এখানে কেনা যায়, যাকে বলে ওভার দ্য কাউন্টার মেডিসিন। কোনো প্রকার নারকোটিক্স ও অ্যান্টিবায়োটিক অবশ্যই ওভার দ্য কাউন্টারে পাওয়া যায় না। এই প্রেসক্রিপশন সংরক্ষণ ব্যবস্থাটি এখানে রীতিমতো আইন। এটি একাধারে মনিটরিং ও নিয়ন্ত্রক ব্যবস্থা। বলা বাহুল্য, এই আইন লঙ্ঘন করার সাহস কখনো কারওই হয় না। এর ফলে কেউ ইচ্ছে করলেই অতিমাত্রায় স্লিপিং পিল খেয়ে চিরদিনের ঘুমের কোলে ঢলে পড়তে পারেন না কিংবা নিজে নিজে ডাক্তারি করে ডাক্তারদের কাজ বাড়াতে পারেন না।
একইভাবে আমার ব্যবস্থাপত্রও ফার্মাসিস্টের হাতে বন্দী; তাই আমিও সেদিন বোতল বোঁচকা ভরে ফার্মেসিতে হাজির হয়ে বললাম, দাদা আমার ওষুধ শেষ। তিনি বোতল নিয়ে কম্পিউটার চেক করছেন। কিছুটা সময় নিচ্ছেন দেখে ভাবলাম পরে এসে নিয়ে যাব। তাই তাঁকে বললাম, বিলটা দিন এখন পে করে দিচ্ছি, কাজ সেরে ফেরার পথে নিয়ে যাব। তিনি বললেন, একটু অপেক্ষা করুন, আপনি এখনই নিয়ে যেতে পারবেন, আর আজকে তো পেমেন্ট নেই, সুতরাং বিল দিতে হবে না। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? আজকে পেমেন্ট নেই কেন? তিনি স্মিত হেসে বললেন, আপনার প্ল্যান থেকে এটা কাভার হয়ে যাবে। আমি মনের আনন্দে নাচতে নাচতে পুরো এক মাসের ওষুধ নিয়ে বাসায় ফিরে এলাম। ভাবতে পারেন বাংলাদেশে এমন কোনো জমিদার আছেন যার ওষুধ কেনার পরে নিজের পকেট থেকে বিল গুনতে হয় না, বিল দিয়ে দেয় গৌরী সেন?

বিল তো দূরের কথা, সেই ছোটবেলায়ই দেখেছি, হাসপাতালের ওষুধ, যার বাক্সের গায়ে লাল সিল দিয়ে ‘নট ফর সেল’ লেখা অথচ কী দেদারসে খোলা বাজারে, ফার্মেসিতে যত্রতত্র বিক্রি হচ্ছে। সবাই জানেন, এসব ওষুধ কোথা থেকে কীভাবে খোলা বাজারে আসে? আর সকলে এও জানেন সরকারি হাসপাতালে গেলে বিনা মূল্যে চিকিৎসা, বিনা মূল্যে ওষুধ পাওয়া তো দূরে থাক, বিনা মূল্যে হতদরিদ্র-ভুখানাঙ্গা মানুষেরা কী নির্মম দুর্ব্যবহার পেয়ে চিকিৎসা না পেয়ে হাসপাতাল থেকে ফিরে আসেন। কখনোবা চিকিৎসার অভাবে, প্রয়োজনীয় রক্তের অভাবে, ওষুধের অভাবে কত প্রাণ অকালে ঝরে গেছে তার হিসাব কেই বা রেখেছে কোনকালে। জন্মেছে যখন এ পোড়া দেশে! হতচ্ছাড়াদের বেশিদিন না বেঁচে, বেঘোরে মরে যাওয়াই ঢের ভালো।
এই লেখাটি লিখতে গিয়ে নিজেকে বারবার প্রশ্ন করছিলাম কীভাবে পারে এ দেশের সরকার? কী তাদের আয়ের উৎস? যা আমাদের সরকারের একেবারেই নেই। আমাদের সরকার দুস্থ, দরিদ্র, অসহায়। তাই কেবল জনগণের দুঃখ-দুর্দশা বাড়িয়ে দেওয়া ছাড়া তাদের আর কিচ্ছুটি করার নেই। নাকি সরকারের আদতে কোনো সদিচ্ছাই নেই? অথচ, কী সুন্দর হরফে এসব দেশের মতোই একটি সাধারণ সংজ্ঞায় আমাদের সংবিধানে বাংলাদেশকে ‘কল্যাণমূলক রাষ্ট্র’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। আমাদের সরকারগুলো জনগণের কল্যাণ নিয়ে যতটা ব্যতিব্যস্ত তার চেয়ে অধিকতর ব্যস্ততায় নিমগ্ন নিজেদের রাজনৈতিক ক্ষমতার-লালসার লোলুপতা নিবারণ করায়। কেবল স্বার্থপরতা-নীচতা-হীনতা-ভণ্ডামি আর উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে দিয়েই শাসিত হচ্ছে আমাদের দেশ। এর কতটুকুই বা শাসন আর কতটুকু শোষণ? আর এই শাসন-শোষণের জাঁতাকলে পিষ্ট হতে হতে আমাদের দেশের শান্তিপ্রিয় মানুষেরা সরকারের মুখের দিকে চেয়ে থাকে না বাঁচার আশায়; মিথ্যে স্বপ্নের বাণী শুনে শুনে দিশেহারা-ক্লান্ত পথচারীরা আর পথ খোঁজে না নতুন দিগন্তের। নিজেদের ভবিষ্যতের দায় নিজেরাই নেয়। নিজেদের সন্তানসন্ততির একটা নিশ্চিত জীবনের সুব্যবস্থা নিজেরাই করে। আর সেই সব সুব্যবস্থার একটির নাম সম্ভবত ‘অভিবাসন’!
আর এভাবেই একটি দেশের মেধা পাচার হয়ে যাচ্ছে প্রতিনিয়ত; দেশ পরিণত হচ্ছে মেধাহীন সম্পদে, বুদ্ধি বিবর্জিত এক কূপমণ্ডূক জাতিতে। তাই এই ‘অভিবাসিত জীবন’ আমাদের কম প্রাণের বেদনার নয়! শেকড় ছিঁড়ে ফেলার ইতিহাস পরম যত্নে কেবলই আনন্দের কালিতে লিখিত নয়। জানি, লিখে হয়তো বদলানো যায় না সমাজ। বদলাবে না আমাদের রাষ্ট্রতন্ত্র-আমাদের সরকারযন্ত্র। তবুও আমি এক স্বপ্নবাজ। স্বপ্ন দেখে যাই, লিখে যাই আমার স্বপ্নের কথা, স্বদেশের অন্তরে যদি তার ছোঁয়া পাই।
এই বিদেশ বিভুঁইয়ে আমার অর্থনৈতিক শ্রেণি স্তর নিয়ে ভাবার দরকার হয় না। দরকার হয় না আমার কিছু বাড়তি সঞ্চয়েরও। আমার যা যা প্রয়োজন হয়, সেটুকু খুব জাঁকজমকে না হলেও স্বাচ্ছন্দ্যে মেটে। আমার সন্তানের অনিরাপত্তা আমায় বাড়তি চাপ দেয় না। আমার বৃদ্ধ বয়সের ভার বাড়তি বোঝা হয়ে থাকে না মাথার ভেতর। শত বেদনার মাঝেও এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো শেকড় ছিঁড়ে আসার ক্ষতে একটু একটু করে প্রলেপ দেয়, যা বেদনার গভীরে গিয়ে ধীরে ধীরে ক্ষত শুকাতে সাহায্য করে। বেদনার উজ্জ্বল উপস্থিতি ম্লান করে দিয়ে পরবাসে গাঁটছড়া বাঁধতে সাহায্য করে।
তবুও মন পড়ে থাকে সেই সুদূরে, সেই কাদাজলে মেশা শ্যামল গাঁয়ে। মাটির সোঁদা গন্ধে আমি খুঁজি আমার হারানো শৈশব, কৈশোর, খুঁজি আমার আজন্মের খতিয়ান...।
সঙ্গীতা ইয়াসমিন: টরন্টো, কানাডা।
ধারাবাহিক এ রচনার আগের পর্ব পড়তে ক্লিক করুন