নেদারল্যান্ডসে বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের প্রস্তাব
মুক্তিযুদ্ধকালে ৭ মার্চের ভাষণ ছিল উজ্জীবনী শক্তি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে একদিকে যেমন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার–নিপীড়ন উল্লিখিত হয়, তেমনি মুক্তিকামী বাঙালির জন্য ভাষণটি ছিল দিকনির্দেশনার শামিল। যুগান্তকারী এই ভাষণ মুক্তিযুদ্ধকালে সবার জন্য উজ্জীবনী শক্তি হিসেবে কাজ করেছে। বস্তুনিষ্ঠ ঐতিহাসিক সেই ভাষণ কেবল বাঙালিকে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়নি, সম্প্রতি তা বিশ্বের কাছে এক অনন্য দালিলিক ঐতিহ্য হিসেবে নতুনভাবে আবির্ভূত হয়েছে। ইউনেসকো কর্তৃক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটিকে পৃথিবীর গুরুত্বপূর্ণ দালিলিক ঐতিহ্য হিসেবে মর্যাদা প্রদান সব বাঙালির জন্য এক বিরল সম্মান বয়ে এনেছে।
নেদারল্যান্ডসের দ্য হেগে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল এ কথা বলেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত করে তিনি আরও বলেন, ‘আমাদের গৌরবোজ্জ্বল মহান মুক্তিযুদ্ধে এই ভাষণের অবদান অপরিসীম।’
রাষ্ট্রদূত ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযথভাবে উদ্যাপন ও এ উপলক্ষে নেদারল্যান্ডসের কোনো একটি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর গবেষণার জন্য ‘বঙ্গবন্ধু চেয়ার’ স্থাপনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, ঐতিহাসিক এই ভাষণের তাৎপর্য নেদারল্যান্ডসের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় দূতাবাস ভাষণটি ডাচ ভাষায় অনুবাদ করার কার্যক্রম গ্রহণ করেছে।

দেশটির বাংলাদেশ দূতাবাস ৭ মার্চ এ সভার আয়োজন করে। কর্মব্যস্ত দিনে আয়োজিত আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তারা ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। ঐতিহাসিক ভাষণের পটভূমি ও মহান মুক্তিযুদ্ধে এর প্রভাব শীর্ষক আলোচনায় রাষ্ট্রদূত ও আওয়ামী লীগের নেদারল্যান্ডস শাখার নেতারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই ৭ মার্চ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর ৭ মার্চের ভাষণের একটি ভিডিও চিত্র প্রদর্শন ও পরে ভাষণের তাৎপর্য নিয়ে বক্তারা আলোচনা করেন।
আওয়ামী লীগের নেতারা তাঁদের বক্তব্যে বঙ্গবন্ধুর অকুতোভয় নেতৃত্ব, অপরিসীম আত্মত্যাগ, বিচক্ষণ দূরদৃষ্টি, সাহসিকতা, প্রগতিশীল মনোভাব, দেশপ্রেম ও মানবিক গুণাবলি প্রভৃতি বিষয়ের ওপর আলোকপাত করেন। ভাষণের পটভূমি ও বাঙালি জাতির মুক্তির আন্দোলনের অবদান নিয়েও তাঁরা আলোচনা করেন। বিজ্ঞপ্তি