মধুর মিলন
সে তো ছিল কত যুগ আগে
ভালো লাগা ছিল দুটি চোখে,
আধো লাজে অনুরাগে আবেশে,
মৌ মৌ নেশা ছিল
জ্যৈষ্ঠের তপ্ত বাতাসে।
তবু যেন সেই গ্রীষ্মকালে,
হৃদয় উঠেছিল
বসন্তের দোলায় দুলে।
ফুলে ফুলে সাজানো বাসর,
রজনীগন্ধা, বেলি, গোলাপের
সুরভিত আসর।
লাজে রাঙা সেই মুখাবয়ব
থরথর কম্পিত অধর।
আধো আধো বোল,
ললাটে জমে ওঠা বিন্দু বিন্দু ঘাম
নিশ্বাসের আকুলতা প্রবল।
মালাবদলের সেই দুটি মালা,
সাদা শেরওয়ানি
সোনালি জরির লাল বেনারসি
যায় কি সহজে ভোলা?
রক্তিম অবগুণ্ঠনে সেদিন
লুকিয়ে ছিল পূর্ণিমার চাঁদ,
স্মৃতির পাতায় আজও
অক্ষয় সেই মধুময় রাত।
বাইরে তখন ঝরছিল
বৃষ্টির অঝোর ধারা,
হৃৎপিণ্ডে চলছিল
নাচন এক পাগলপারা।
শিরায় শিরায় ছিল
অজানা শিহরণ,
প্রহরবদলের উদ্যোগে
যামিনী তখন মগন।
ছোট ছোট প্রজাপতি
চঞ্চল রঙিন পাখা মেলে
উড়ে উড়ে পড়ছিল ধরা
দুজনার হৃদয়ের অন্তরালে।
রংটুকু রেখে শুধু
উড়ে গেল নেচে নেচে,
দিগন্তের পানে ধেয়ে
অনন্ত অসীমের কাছে।
সেই রং লেগেছিল দুজনার মনে
চুপিসারে এসেছিল ভালো লাগা,
সেই দুটি নতুন জীবনে।
মিলন আগ্রহে
ধীরে ধীরে এসেছিল কাছে,
দুটি মন ভালোবেসে,
মধুর মিলন ঘটেছিল
সেই মধুর জ্যৈষ্ঠ মাসে।
*লেখক: জাহান সৈয়দ মিনা, ওকভীল, অন্টারিও, কানাডা
**দূর পরবাসে লেখা পাঠাতে পারবেন [email protected]-এ