
‘ভালোবাসি তোমায়!’ এই কথাটা বলব বলে—
বাড়ি থেকে মিষ্টি রোদ মাথায় নিয়ে—
সেদিন রাজপথে নেমেছিলাম!
কে জানত? সেটাই আমার শেষবার পথে নামা!
কে ভেবেছে? তোমায় বলা হবে না ওই শব্দগুলো!
এই শুনছ? কখনো দেরি করে আসতাম বলে—
আমাকে কী মনে মনে তিরস্কার করেছ?
কখনো কী আমার ঘর্মাক্ত শার্টের গন্ধে বিরক্ত হয়েছ?
আমার কাঁধে মাথা রাখবে বলে কতবার
তোমার বাসন্তী রঙা শাড়ির কাছ ঘেঁষে বসেছি!
সেই স্পর্শ পাওয়ার আশায় অশরীরী হয়ে আসব হয়তো!
সেদিন রাজপথে আমার মতো আরও প্রেম মরেছে—
গুলির উষ্ণতা বুকের রক্তকে করেছে আলিঙ্গন!
বাংলায় বলব বলে—একটা গুলিই তো বুক পেতে নিলাম—
যেমন পরম আদরে নিতে চেয়েছি তোমায়ও!
সেই রক্তমাখা শার্ট এখন জাদুঘরে শোভা পায়!
সেই অব্যক্ত প্রেম এখন শুধু তোমারি স্মরণে!
কেউ কেউ বলে অবেলায় চলে গেল—
আমি বলি—এমন অবেলা যুগে যুগে আসুক—
আমি আবার যাব, আমি যে প্রেমিক!
আমার ভাষার, আমার বাংলার, তারপর প্রেয়সীর...।
(আরিয়ান হক: মন্ট্রিয়েল, কানাডা)