ব্রিসবেনে পয়লা বৈশাখ উদ্যাপন

মঙ্গল শোভাযাত্রা
মঙ্গল শোভাযাত্রা

প্রবাসীদের জন্য এবারের পয়লা বৈশাখের দিনটি ছিল একটু বেশি আপন। ব্যাটে বলে মিলে যাওয়ার মতো। শনিবার ছুটির দিনে হওয়ায় ব্রিসবেনপ্রবাসী বাংলাদেশিরা একটু বেশিই আনন্দ উদ্দীপনায় উদ্‌যাপন করছেন বাংলা নববর্ষ ১৪২৫। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন ইংক (ব্যাব) আয়োজিত এই বর্ণাঢ্য আয়োজন বৃষ্টিকে আলিঙ্গন করে শুরু হলেও মেলা উদ্‌যাপনকারীরা নিরাশ হননি দিনের দ্বিতীয়ার্ধে। দিনমান একটানা স্টেজ মাতিয়ে রেখেছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা।

অনুষ্ঠানে কমনওয়েলথ গেমসে পদক জয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়
অনুষ্ঠানে কমনওয়েলথ গেমসে পদক জয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বৈশাখী মেলা ২০১৮, সাউথ এশিয়ান নিউ ইয়ার ফেস্টিভ্যাল নামের এই বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করা হয় রোবেলে ডোমেইন স্প্রিং ফিল্ড লেক। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেল সাংসদ অ্যান্ড্রু এনটোনিয়লি। কয়েক পর্বের অনুষ্ঠানটি প্রথমে পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদিকা মুনমুন আফরোজ। এরপর ধাপে ধাপে পরিচালনায় ছিলেন ফারজানা হক এপি ও কাজী রুমানা আহমেদ। অনুষ্ঠানে নাচ গানের পাশাপাশি বিশেষ আকর্ষণ ছিল তওফিকা মকবুল শিমুলের পরিচালনায় শিশুকিশোরদের চোখ ধাঁধানো ফ্যাশন শো।

অনুষ্ঠানের একটি দৃশ্য
অনুষ্ঠানের একটি দৃশ্য

এদিকে আয়োজক দল মেলার দর্শকদের কাছে মেঘ না চাইতেই জলের মতো আচমকা হাজির করেছে কমনওয়েলথ গেমসের পুরো বাংলাদেশ টিমটিকে। রুপা বিজয়ীদের কাছে পেয়ে প্রবাসীরা তাদের সন্তানদের পরিচয় করিয়ে ছবি তোলার হিড়িক ছিল চোখে পড়ার মতো। আর তারাও পয়লা বৈশাখে বাংলাদেশির কাছে সংবর্ধনা পেয়ে, পান্তা ইলিশ খেয়ে, আনন্দ শোভাযাত্রায় যোগ দিয়ে দারুণ খুশি!
দেশের মেলার নাগরদোলা বা মল্লযুদ্ধের অভাব পূরণে আয়োজক দল হাজির করেছেন মনোরেল আর জাম্পিং ক্যাসেল। মেলায় নানা খাবারের পাশাপাশি আখের রসও যেমন পাওয়া গেছে তেমনি বুকস্টলও বাদ যায়নি
অনুষ্ঠানের চমকের ধারাবাহিকতায় গান করেছেন রোজানা আজাদ। শেষে ছিল সিডনির ব্যান্ড দল ‘এইট নোটস্’-এর পরিবেশনা।
সবশেষে ব্যাব-এর সভাপতি বিকাশ সিকদার তার পুরো টিমকে সঙ্গে নিয়ে সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ফ্যাশন শো
ফ্যাশন শো

তুলি নুর: ব্রিসবেন, অস্ট্রেলিয়া।
ছবি: বাপ্পী হুসাইন।