বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুর দেশ পর্তুগাল
কৃত্রিম সৌন্দর্যের সেতুর দেশ পর্তুগালজুড়ে দৃষ্টিনন্দন কয়েকটি সেতু রয়েছে, যা পুরো ইউরোপে সেরা দশের তালিকার মধ্যে অন্যতম। সেই পর্তুগালে বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু তৈরি করা হয়েছে। এ সেতু বাণিজ্যিক শহর পর্তু থেকে দক্ষিণের আউরোকা শহরের মধ্যে সংযোগের দূরত্ব কমিয়ে আনবে। সেতুটি স্থানীয় জনসাধারণের জন্য গতকাল বৃহস্পতিবার উন্মুক্ত করা হয় এবং আগামী সোমবার সেতুটির উদ্বোধন করা হবে।
ইউনেসকো–স্বীকৃত আউরোকা জিও পার্ক একটি প্রকৃতি পর্যটনকেন্দ্র। ইতিহাসের পাতায় নাম লেখানো সেতুটির দীর্ঘ প্রায় ১ হাজার ৬৯২ ফুট (৫১৬ মিটার)।
২০১৮ সালের মে মাসে এ সেতুর নির্মাণকাজ শুরু হয়। আউরোকা শহরের নতুন এ সেতু অ্যান্ডেস পর্বতের উপত্যকা অঞ্চলে বিস্তৃত ইনকা সেতুগুলো দ্বারা অনুপ্রাণিত। বর্তমানে সেতুটি নির্মাণের ফলে আউরোকা পৌরসভাটি এক অপরূপ সৌন্দর্যের শহরে রূপান্তরিত হয়েছে। পাইভা ঘাটের দুই পাশকে সংযুক্ত করেছে সেতুটি। পাইভা নদীর ওপর কাঠের ঝুলন্ত সেতু পায়ে হেটে চার কিলোমিটার পাড়ি দিয়ে দর্শনার্থীরা এক গ্লাস তাজা ওয়াইন উপভোগ করতে পারবেন। কারণ, বাণিজ্যিক শহর পর্তো তার স্থানীয় ওয়াইনের জন্য বিখ্যাত।
পর্তুগিজ স্টুডিও আইটিকনস এবং কন্ডুরিল নামে একটি সংস্থা তিন বছর ধরে সেতুটি নির্মাণ করেছে। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সেতুটি পাড়ি দেওয়া জনসাধারণের মধ্যে প্রথম ব্যক্তি হুগো জাভিয়ার। তিনি বর্ণনা করেছিলেন, ‘মুহূর্তটি আমার কাছে ছিল অসাধারণ এবং অনন্য অভিজ্ঞতার। আমি একটু ভয় পেয়েছিলাম, তবে আমার জন্য সফলভাবে সেতুটি পাড়ি দেওয়া অতি মূল্যবান ছিল।
আউরোকার স্থানীয় মেয়র মার্গারিডা বেলাম বলেন, ‘কাজটি মোটেই সহজ ছিল না, অনেক চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমরা অবশেষে সফল হতে পেরেছি। পৃথিবীতে এর মতো আর কোনো দীর্ঘতম সেতু নেই। নতুন এই কাঠামোটি এলাকায় আরও বেশি পর্যটক নিয়ে আসবে, যা দর্শনার্থীদের আনন্দ দেওয়ার পাশাপাশি আমাদের দেশের অর্থনেতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে।’
*লেখক: মনির হোসেন, পর্তুগালপ্রবাসী