বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতিতে মাদ্রিদে শোভাযাত্রা

আনন্দ শোভাযাত্রা
আনন্দ শোভাযাত্রা

ইউনেসকো কর্তৃক পৃথিবীর গুরুত্বপূর্ণ দালিলিক ঐতিহ্য হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের স্বীকৃতি অর্জন স্পেনে উদ্‌যাপন করা হয়েছে। দেশটির রাজধানী মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) প্রবাসী বাংলাদেশ কমিউনিটিকে সঙ্গে নিয়ে এই স্বীকৃতি আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন করে। অনুষ্ঠানে মাদ্রিদে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আনন্দ শোভাযাত্রা
আনন্দ শোভাযাত্রা

এ উপলক্ষে দূতাবাসে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। দূতাবাসের মিনিস্টার ও হেড অব চ্যান্সারি হারুন আল রশীদের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান কমার্শিয়াল কাউন্সেলর মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ ও প্রথম সচিব লেবার উইং শরীফুল ইসলাম। এরপর বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটির ভিডিও প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
হাসান মাহমুদ খন্দকার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে মহাকাব্য হিসেবে অভিহিত করে এর তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেসকো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করায় দিবসটি বাঙালি জাতির জন্য অত্যন্ত গর্বের ও গৌরবের। তাঁর ঐতিহাসিক ভাষণটি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে স্থান পেয়েছে। যা নতুন প্রজন্ম তথা বিশ্বের নিপীড়িত নির্যাতিত স্বাধীনতাকামী মানুষদের অধিকার আদায়ে উদ্বুদ্ধ করায় অনন্য ভূমিকা রাখবে।

বক্তব্য দিচ্ছেন হাসান মাহমুদ খন্দকার
বক্তব্য দিচ্ছেন হাসান মাহমুদ খন্দকার

তিনি আরও বলেন, ইউনেসকো কর্তৃক প্রদত্ত এ স্বীকৃতি বিশ্ব দরবাররে আমাদের গোটা জাতিকে এক নতুন উচ্চতায় আসীন করেছে। এ স্বীকৃতিকে জাতীয় গৌরব ও বাঙালি জাতির এক নতুন পরিচয় হিসেবে আখ্যায়িত করে তিনি প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রায় আরও সক্রিয়ভাবে অবদান রাখার আহ্বান জানান।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত দূত সম্মেলনের প্রসঙ্গ উল্লেখ করে হাসান মাহমুদ খন্দকার বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উজ্জ্বল অবস্থান ও অর্জিত সুনামের জন্য প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসসমূহের ভূয়সী প্রশংসা করেছেন।
অনুষ্ঠানে উল্লেখযোগ্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা মিনহাজুল আলম, সভাপতি সাহাদুল সুহেদ, দেশ কণ্ঠের সম্পাদক এ কে এম জহিরুল ইসলাম, সাইফুল আমিন, এইচ এম ইকবাল, আওয়ামী লীগের স্পেন শাখার নেতা রিজভী আলম, এম আই আমিন, আইনজীবী তারেক হোসেন ও মোহাম্মদ হাসান প্রমুখ।
সব শেষে হিমেল আবহাওয়া উপেক্ষা করে প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের আনন্দমুখর অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদদাতা: বকুল খান ও কবির আল মাহমুদ, মাদ্রিদ, স্পেন।