পর্তুগালে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
পবিত্র রমজানের শিক্ষায় সবাইকে উদ্বুদ্ধ হয়ে প্রবাসে দেশের সুনাম অক্ষুণ্ন রেখে মিলেমিশে কাজ করার আহ্বান জানান পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস লিসবন মিশনের রাষ্ট্রদূত তারিক আহসান। পর্তুগালে বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ সংগঠন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের উদ্যোগে বাংলাদেশ কমিউনিটির সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
লিসবনের বাংলাদেশ কমিউনিটি অধ্যুষিত এলাকায় সোমবার স্থানীয় এক রেস্তোরাঁয় ইফতার আয়োজন করা হয়। এ সময় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারীসহ সভাপতি এফ আই রনি ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদে। ইফতার মাহফিলকে সফল করতে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের দ্বিতীয় সচিব আবদুল্লাহ আল রাজি ও আলমগীর হোসেন।
শুরুতেই সংগঠনের দপ্তর সম্পাদক মো. শাহাজাহান পবিত্র কোরআন তিলাওয়াত করেন। পরবর্তীকালে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি রনি মোহাম্মদ। তখন রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব অধ্যাপক আবু সাইদ। বাংলাদেশ ইসলামিক সেন্টারের সভাপতি রানা তাসলিম উদ্দিন, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, মাতৃ মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসেন বক্তব্য দেন।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন লিসবনের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংকেতিক সংগঠনের নেতা, ব্যবসায়ী ও কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তিরা। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন লিসবনের স্থানীয় কাউন্সিল আরোইশের প্রতিনিধি লুইস ও মারিয়া, আইএসসিটিই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক সিসিলিয়া ও নরমেন্দো, স্থানীয় সংগঠন কুজিনা পপুলারের প্রতিনিধি তেরেসা এবং স্থানীয় লোকাল ডেভেলপমেন্ট সংস্থা বিটিইউআইএনের প্রতিনিধি রুই। মাতৃ মনিজ জামে মসজিদের খতিব আলাউদ্দিনের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয় এবং ইফতার শুরু হয়।