দুবাইয়ে রবীন্দ্রনাথ-নজরুল স্মরণে আনন্দ উৎসব

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে উদ্‌যাপিত হলো রবীন্দ্রনাথ ঠাকুর-কাজী নজরুল ইসলাম স্মরণে আনন্দ উৎসব। ‘শেকড়ের খোঁজে’ সংগঠনের আয়োজনে গত শুক্রবার রাতে দুবাইয়ের ‘মিউজিয়াম অব দ্য ফিউচার’–এর বিপরীতে ক্রাউন প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘অগ্নিবীণায় গীতাঞ্জলি’ নামের এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ-নজরুলের লেখা গান, কবিতা পরিবেশনা ও তাঁদের জীবনী নিয়ে আলোচনা করা হয়। দুই কবির সম্পর্ক কিংবা শিল্পচর্চা নিয়ে কথা বলেন অনুষ্ঠানটির সঞ্চালক মামুন রেজা, আরিফা নুশরাত ও শেফা।

করোনার এ দুর্বিষহ সময়ে আরব দেশে এমন আয়োজন করতে ‘শেকড়ের খোঁজে’ সংগঠনটি দুই সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়েছে। সন্ধ্যা হতেই অনুষ্ঠানস্থলে হাজির হন দেশি-বিদেশি অতিথিরা। স্বল্প আলোয় মঞ্চস্থ হয় সাহিত্যের দুই মহারথীর একেকটি সৃষ্টি। কখনো নজরুলের বিদ্রোহের কবিতা কখনো রবিঠাকুরের প্রেমের গান। ফাঁকে ফাঁকে সংগঠনের সদস্যদের কবিতা আবৃতি ও নৃত্য পরিবেশনায় পুরো সময়ে আগত অতিথিদের স্মরণের দুয়ারে এসে হাজির হন সাহিত্যের এ দুই নক্ষত্র।

সংগঠনের সভাপতি কাজী গুলশান আরার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল সাহেদুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানটি উপভোগ করেন শিক্ষাবিদ খন্দকার হাবিবুর রহমান, সিআইপি মাহতাবুর রহমান নাসির, সংগঠক প্রকৌশলী মুয়াজ্জেম হোসেন, বাইজুন নাহার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে আগত অতিথিরা বিদেশের মাটিতে এমন দেশীয় সংস্কৃতি ও সাহিত্য চর্চা করায় সংগঠনটির ভূয়সী প্রশংসা করেন। অতিথিরা বলেন, দুবাইয়ে স্বদেশি সংস্কৃতি কিংবা সাহিত্যচর্চায় এখন ‘শেকড়ের খোঁজে’ সংগঠনটি এগিয়ে আছে। ‘অগ্নিবীণায় গীতাঞ্জলি’র আয়োজন সেই ধারাবাহিকতার অংশ।

সভাপতি কাজী গুলশান আরা বলেন, ‘রবীন্দ্রনাথ ও নজরুল বাংলা সাহিত্যের দুই মহারথী। আমরা যারা প্রবাসে থাকি, সংগত কারণে তারা বাংলা সাহিত্য থেকে অনেক দূরে আছি। আমাদের প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ ও নজরুলকে তুলে ধরাটাই ছিল আয়োজনের উদ্দেশ্য। পুরো অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিবেশনায় সংগঠনের সদস্যরাই অংশগ্রহণ করেছে। তারা নিজেরাই এর আয়োজন করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’