টরন্টোতে মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল সেপ্টেম্বরে
টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে চতুর্থ মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৩–২৬ সেপ্টেম্বর। ৪ জুন অনলাইনমাধ্যমে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি এনায়েত করিম সাংবাদিকদের এ তথ্য দেন।
প্রবাসী বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা ও কর্মীদের চলচ্চিত্রবিষয়ক সংগঠন টরন্টো ফিল্ম ফোরাম ২০১৭ সাল থেকে মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করে আসছে। কানাডায় বসবাসরত বিভিন্ন ভাষা ও জাতিগোষ্ঠীর চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র ছাড়াও বাংলাদেশের উল্লেখযোগ্য স্বাধীন ও বিকল্পধারার চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র এই ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়।
সংবাদ সম্মেলনে এনায়েত করিম সাংবাদিকদের জানান, ২০১৭ সালে থেকে পরপর তিন বছর এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলেও করোনাজনিত কারণে ২০২০ সালে এই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি। তিনি বলেন, বর্তমান করোনার পরিস্থিতির কারণে এ বছর অনলাইনে ফেস্টিভ্যালের আয়োজন করা হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, অনলাইনে ফেস্টিভ্যাল হলেও টরন্টোর কোনো এক জায়গায় করোনার স্বাস্থ্যবিধি মেনে কানাডায় এই ফেস্টিভ্যালের উদ্বোধন করা হবে।
ফেস্টিভ্যালের চলচ্চিত্র দেখার জন্য পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যে কেউ বিনা মূল্যে রেজিস্ট্রেশন করতে পারবে।
এনায়েত করিম বলেন, এবারের ফেস্টিভ্যালে তিন ধরনের চলচ্চিত্র দেখানো হবে। চলচ্চিত্রের ধরনগুলো হচ্ছে পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র। এবারের ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো তিন ধারার সেরা চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে। সোশ্যাল মিডিয়া ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ফেস্টিভ্যালে চলচ্চিত্র জমা দেওয়ার জন্য বিভিন্ন ভাষা ও জাতির চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করা হবে। সেপ্টেম্বর মাসের ৫ তারিখ পর্যন্ত চলচ্চিত্র জমা নেওয়া হবে। টরন্টো ফিল্ম ফোরামের ই-মেইল: [email protected] এবং ওয়েবসাইট: www.torontofilmforum.org