এস্তোনিয়ায় প্রীতি ক্রিকেট, বিশ্ব একাদশের কাছে হার বাংলাদেশ একাদশের
তাল্লিনে এস্তোনিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত ক্রিকেট দল বাংলাদেশ একাদশ ও বিভিন্ন দেশের প্রবাসীদের সমন্বয়ে গঠিত ক্রিকেট দল বিশ্ব একাদশের মধ্যে প্রীতি টেন-টেন ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন উপলক্ষে কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাস গতকাল রোববার এ প্রীতি ম্যাচের আয়োজন করে। তাল্লিনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা খেলাটি উপভোগ করতে সপরিবার মাঠে আসেন এবং অনেক স্থানীয় লোকজনও দর্শক হিসেবে মাঠে ছিলেন। খেলায় বিশ্ব একাদশ জয় লাভ করে।
খেলা শেষে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন এস্তোনিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। এ ছাড়া এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণীতে এস্তোনিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দীকী বক্তব্যের শুরুতেই বলেন, ‘এ বছর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ, আমরা জাতির জনকের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি।’ তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যে লাখো শহীদ দেশের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের প্রতিও কৃতজ্ঞতা জানান। এরপর তিনি উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১–এর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে একটি উন্নত, সমৃদ্ধিশালী ও কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে অবদান রাখতে উদাত্ত আহ্বান জানান। পরিশেষে এ চমৎকার ক্রিকেট ম্যাচের জন্য উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন ও ধন্যবাদ জানান। দূতাবাসের আয়োজনে সান্ধ্যভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। বিজ্ঞপ্তি