একটি অসমাপ্ত বিসিএসের গল্প
ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর টের পেলাম কপালের ভাঁজে সেশনজটের অভিশাপ সুস্পষ্ট হয়ে আছে। জীবন থেকে উধাও হয়ে গেছে তিন-চারটি বছর। এতে মূল্যবান সময় ক্ষয়ে যাওয়ার বেদনায় বিমর্ষ হয়ে ছিলাম। একপ্রকার দিশেহারা হয়ে জীবনের পথ খুঁজছিলাম। তখনই প্রথমবারের মতো বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ এলে—২৮তম বিসিএস। দেশে তখন ফখরুদ্দীন-মইনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার। পিএসসির চেয়ারম্যন তখন সদ্য প্রয়াত সা’দত হুসাইন। সা’দত হুসাইন খুব জাঁদরেল লোক, সৎ ও দক্ষ।
সা’দত হুসাইন পিএসসির চেয়ারম্যান হওয়াতে মনে জোর পেলাম। ভাবলাম, আমার মতো যাদের মামা-চাচা বা দলীয় টিকিট নেই, তাদের জন্য ২৮তম বিসিএসই ভরসা। এই ভেবে পরীক্ষা দিলাম। প্রিলিমিনারি পরীক্ষায় সে বছর থেকে প্রথম নেগেটিভ মার্ক শুরু হলো। প্রায় ১ লাখ ২০ হাজার পরীক্ষার্থী থেকে প্রিলিমিনারি পরীক্ষা শেষে রাখা হলো মাত্র ১১ হাজার ৭০০ জন! সে তালিকায় খুঁজে পেলাম নিজের রোল নম্বর।
বিসিএস পরীক্ষা শুরুর আগে থেকেই চলছিল আমার বিদেশ গমনের চেষ্টা। আমার ভেতর উচ্চশিক্ষা ও গবেষণার নেশা ভর করে আছে, কিন্তু বাসায় সেটা প্রকাশ করিনি। মধ্যবিত্ত পরিবারের বাবার ইচ্ছে, তার একমাত্র ছেলে বিসিএস অফিসার হবে। বিসিএসের লিখিত পরীক্ষার সময় আসন্ন। এদিকে বিভিন্ন স্কলারশিপের জন্য আবেদন করছি। প্রচুর সময় দিতে হচ্ছে সেসব আবেদনের জন্য। কখনো কোনো কোচিং করিনি। আশপাশের বন্ধুবান্ধব সবাই কী হিড়িক দিয়ে কোচিং করছে! লিখিত পরীক্ষার জন্য যে পড়ব, সেটারও সময় পাচ্ছি না খুব। এই করে করে লিখিত পরীক্ষা শেষ হতে না হতেই ভিসা হয়ে গেল। যত দূর মনে পড়ে, জুন মাসেই লিখিত পরীক্ষা শেষ হয়েছিল এবং জুন মাসেই আমার ভিসা হলো। ফ্লাইটের তারিখ ছিল ১৫ আগস্ট, ২০০৯। আমার জন্মদিনের দিনে বিমানে উঠেছিলাম! যেদিন ফ্লাইট, তার আগের দিন ছিল ২৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। সেটার জন্যও আবেদন করেছিলাম। কিন্তু সে পরীক্ষা আর দেওয়া হয়নি। স্টকহোমে আসার মাত্র ১৭ দিন পর ২৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হলো। ৫ হাজার ৮০০ জনের একটা তালিকা করা হয়েছিল। সে তালিকাতেও খুঁজে পেলাম নিজের রোল নম্বর।
স্টকহোমে বসে কী করে বিসিএসের ভাইভা দেব, তা নিয়ে খুব উদ্বিগ্ন ছিলাম। দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম, স্টকহোম থেকে দেশে গিয়ে ভাইবা দিয়ে আসব। কিন্তু বিষয়টি অতটা সহজ ছিল না। অর্থ ও সময় দুটিরই অভাব ছিল! ইতিমধ্যে দেশের রাজনীতির পটপরিবর্তনে অনেক কিছুই উলোট-পালট হয়ে গিয়েছিল। দলীয়করণ, স্বজনপ্রীতি, সনদভিত্তিক নিয়োগের পুরোনো চিত্র আবার ফিরে আসার আশঙ্কা ছিল। এমনও ভেবেছি যে দেশে গিয়ে ভাইবা দিলেও যদি চূড়ান্তভাবে নির্বাচিত না হই, তাহলে সময় ও অর্থ জলাঞ্জলি যাবে। মনোবলও দুর্বল হয়ে পড়বে। তাই ভাবলাম, দেশে না গিয়ে পিএসসিকে একটা ই-মেইল করি। অনলাইনে ভাইভা দেওয়ার জন্য অনুরোধ করি! অনলাইনে ইন্টারভিউ বা ভাইভা তখন নতুন কিছু নয়। আখেরে পিএসসিকে একটা ই-মেইল পাঠিয়েছিলাম। এরপর থেকে সেই ই-মেইলের উত্তরের অপেক্ষায় আছি আজও। আজও! জীবনের প্রথম ও শেষ বিসিএস, এভাবেই হইয়াও হইলো না শেষ!
তবে একটা খেদ আছে মনে আজও। বিএসএস ক্যাডার হয়ে যদি দেশেই থাকতে হতো, তাহলে আমি একটা আন্দোলন শুরু করতাম। বিসিএস কোচিং বন্ধ করার আন্দোলন। কোনো দিন, কোনো প্রতিষ্ঠানে কোচিং না করেই বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাহস থেকে আন্দোলনটা করতাম। যে দেশে বিসিএস ক্যাডার হতে কোচিং লাগে, সে দেশে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য, সহস্র কোচিং সেন্টার থাকবে—এটাই স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ের এত কঠিন কঠিন কোর্স যদি প্রাইভেট-কোচিং ছাড়া পাস করা যায়, তাহলে বিসিএস পরীক্ষার জন্য কোচিং কেন? কারও কাছে কি সদুত্তর আছে?
লেখক: গবেষক, নিউ জার্সি যুক্তরাষ্ট্র। [email protected]