ঈদের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। মুসলিম উম্মাহর উদ্দেশে এ শুভেচ্ছাবার্তা প্রদান করেন প্রধানমন্ত্রী। বার্তার প্রথমে তিনি সবাইকে ঈদ মোবারক জানান।
গত বুধবার প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, প্রার্থনা আর ত্যাগের পর বিশ্বাস, মন ও শরীর নবায়নের উৎসব এই ঈদ। বাণীতে বলেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটিকে, যারা এ সংকটের সময় সংযম, যত্ন ও মমত্ববোধ সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন, যা আমাদের দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়নে সর্বাত্মক সহায়তা করেছে।’ আগত দিনগুলো ধর্মীয় অনুশাসন মেনে নতুন করে দেখার ও উপভোগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বার্তায় স্কট মরিসন করোনা প্রতিরোধে টিকাদান কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, ‘টিকাদানের মাধ্যমে আমরা আমাদের পরিবার, কমিউনিটি তথা দেশের জন্য একটি সুরক্ষিত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।’
দেশটিতে বসবাসরত মুসলিম উম্মাহর মধ্যে সহযোগিতা ও ভালোবাসার সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়ে বার্তার ইতি টানেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।