ইতালিতে আজ থেকে খুলছে ব্যবসাপ্রতিষ্ঠান
করোনার সংক্রমণ কমতে থাকায় বিধিনিষেধ শিথিল করা হচ্ছে ইতালিতে। আজ সোমবার থেকে দেশটির ১৫টি অঞ্চলকে হলুদ জোন ঘোষণা করা হয়েছে। হলুদ জোনে ফিরে আসা এলাকাগুলোতে তুলে নেওয়া হয়েছে সব ধরনের বিধিনিষেধ। এসব এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে রেস্তোরাঁ, বার, পানশালা, ক্যাফে, চুল কাটার দোকান, সিনেমা থিয়েটারসহ অন্য ব্যবসাপ্রতিষ্ঠান ফের চালু হচ্ছে।
তবে রেস্তোরাঁর ভেতরের বদলে খাবার পরিবেশন করতে হবে বাইরের চেয়ার–টেবিলে। থিয়েটার ও সিনেমায় চেয়ারে বসা যাবে। এসব প্রতিষ্ঠান রাত ৯টার পর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাত ১০টার পর শুরু হবে কারফিউ।
হলুদ জোনে ফিরে আসা অঞ্চলের প্রায় ৫ কোটি মানুষ আজ থেকে বাইরে বের হতে পারবে। এসব অঞ্চলে চলাচলে প্রশাসনের কাছে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে না কাউকে। নিরাপদে ভ্রমণও করতে পারবেন পর্যটকেরা।
ইতালিতে এখনো দৈনিক গড়ে আক্রান্ত হচ্ছে প্রায় ১৫ হাজার আর গড়ে মৃত্যু তিন শতাধিক। বিশেষজ্ঞরা বলছেন, অসতর্ক হলে ফের ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
লকডাউন শিথিল করা হলেও ইতালিতে পাবলিক পরিবহনসহ বাইরে মাস্ক ব্যবহার এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
করোনা প্রতিরোধে ইতালি সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিগগিরই ইতালি করোনামুক্ত হবে—এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে দেশটির প্রধানমন্ত্রী মারিও বলেছেন, আগামী ১ জুন থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেবে ইতালি।
*লেখক: ইসমাইল হোসেন স্বপন, ইতালি