আন্তর্জাতিক টেক-টেক্সটাইল বাণিজ্য মেলায় বাংলাদেশ

জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাংকফুর্টের মেসেতে চার দিনব্যাপী (২১ থেকে ২৪ জুন) প্রযুক্তিগত টেক্সটাইল আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে। এতে বাংলাদেশসহ পৃথিবীর ৬৩ দেশের মোট ২ হাজার ৩০০টি টেক্সটাইল কোম্পানি ও প্রযুক্তিগত প্রতিষ্ঠান অংশ নেয়।

টেক-টেক্সটাইল আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলো টেক্সটাইল ব্যবসায়ীদের সবচেয়ে বড় মিলনমেলা, যেখানে বিভিন্ন দেশের কোম্পানিগুলো প্রযুক্তিগত টেক্সটাইল অর্থাৎ টেক-টেক্সটাইল আর্কিটেকচার, স্বয়ংক্রিয় শিল্প, নির্মাণ, বিপদ সুরক্ষার যন্ত্রাংশ ও প্রযুক্তি, হাই-টেক ফাইবার, নন-ওভেন প্রযুক্তি, কার্যকরী পোশাক টেক্সটাইল, পোশাকশিল্পে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার, নতুন প্রযুক্তির ধারণা প্রদর্শন করা হয়।

এ মেলায় বিভিন্ন দেশের আমদানি ও রপ্তানিকারকদের এবং কোম্পানির মালিকদের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি সই হয়। মেলার ৭৮তম এ আসরে বাংলাদেশ দূতাবাসে বার্লিনের সহযোগিতায় বাংলাদেশের শীর্ষস্থানীয় পোশাক তৈরি ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইয়ের নেতৃত্বে ক্ল্যাসিক ফ্যাশন কনসেপ্ট লিমিটেড, খান টেক্স ফ্যাশন লিমিটেড, টিআরজেট গার্মেন্টস লিমিটেড, সনো টেক্স লিমিটেড, ফখরুদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে অংশ নেয়। তারা স্টলে তাদের তৈরি করা পোশাক প্রদর্শন করে।

২১ জুন মেলার প্রথম দিনে বিকেলে বিজিএমইয়ের প্রতিনিধিরা একটি প্রেস কনফারেন্স মিলিত হন। বিজিএমইর সহসভাপতি শাহিদুল আজম বলেন, ‘এ মুহূর্তে দরকার আমাদের পোশাক খাতে নতুন নতুন প্রযুক্তির প্রয়োগ ঘটানো। শ্রমিকদের ও প্রতিষ্ঠানের নিরাপত্তায় উন্নত অবকাঠামো ও প্রযুক্তি ব্যবহার করা।’ তিনি আরও বলেন, ‘এ মেলায় প্রথম অংশগ্রহণ করে অনেক কিছু জানতে পারলাম।

বাংলাদেশে অর্থনীতির চাকা সুদৃঢ় করতে আরও অবকাঠামোগত পরিবর্তন আনা দরকার।’ জার্মানিতে নিযুক্ত বাংলাদেশি কমার্শিয়াল কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, ইউরোপ বাংলাদেশে পোশাকশিল্পের আরও প্রসারের জন্য সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ অ্যাম্বাসি সব সময় নতুন সুযোগ তৈরি করে দিচ্ছে এবং সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন খান টেক্স ফ্যাশন লিমিটেডের পরিচালক হুমায়ুন কবির ও লুবনা কবির, টিআরজেট গার্মেন্টস লিমিটেডের মহাব্যবস্থাপক হারুনূর রশিদ ও জেরিন তাসনিম, সনো টেক্স লিমিটেডের পরিচালক সৌমিত্র ঘোষ, ফখরুদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক মীর আশরাফ হোছাইনসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা।