
আটলান্টার স্টোন মাউন্টেনের আটলান্টা এভারগ্রিন মেরিয়ট হোটেলে আজ (১৪ জুলাই) বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, উত্তর আমেরিকার (বিএমএএনএ) জাঁকজমকপূর্ণ ৩৬তম বার্ষিক সম্মেলন। আজ সকাল আটটা থেকে ১৭ জুলাই মধ্যাহ্ন বারোটা পর্যন্ত সময়কালে বিএমএএনএ জর্জিয়া চ্যাপ্টারের আয়োজনে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের সকল চ্যাপ্টারসমূহের বাংলাদেশি ডাক্তারসহ অতিথিরা অংশগ্রহণ করছেন বলে জানা গেছে।

এই সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্বাগতিক সংগঠন বিএমএএনএ, জর্জিয়া চ্যাপ্টারসহ পার্শ্ববর্তী রাজ্য অ্যালাবামা ও মিসিসিপি রাজ্যের সংশ্লিষ্ট বিএমএএনএ চ্যাপ্টারের ডাক্তারদের সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনকে সফল করে তোলার জন্য চার দিনের বিভিন্ন আকর্ষণীয় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। উত্তর আমেরিকার সমৃদ্ধ বইয়ের একমাত্র প্রতিষ্ঠান নিউইয়র্ক থেকে মুক্তধারাও আসছে এই সম্মেলনে। বিএমএএনএ আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ ও প্রবাসের স্বনামধন্য ও নতুন কবি লেখকদের সর্বশেষ প্রকাশিত ভিন্ন স্বাদের বইয়ের সমাহারে বইয়ের স্টলটিকে সমৃদ্ধ ও আকর্ষণীয় করে তোলা হবে বলে জানিয়েছেন মুক্তধারার পরিচালক বিশ্বজিৎ সাহা।

সম্মেলনে এ ছাড়া চারুকলা প্রদর্শনী, সাধারণ সভা, পরবর্তী বছরের নতুন কর্মসূচি ঘোষণা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্টোন মাউন্টেন পার্কে পিকনিকসহ লেজার শো, বিশ্বখ্যাত টেলিভিশন মিডিয়া সিএনএন ভবন ও কোকাকোলা কোম্পানির প্রধান কার্যালয় ও মিউজিয়াম পরিদর্শন, বন্ধু-সহকর্মীসহ জম্পেশ পারিবারিক আড্ডা, অ্যাওয়ার্ড বিতরণ, সামাজিক সম্মিলনী অনুষ্ঠানসহ নানা আকর্ষণীয় পর্বের চমক থাকবে বলে জানা গেছে।
এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতের খ্যাতিমান বাঙালি সংগীত শিল্পী শ্রীকান্ত আচার্য ও জয়তী চক্রবর্তী তাঁদের জনপ্রিয় গানের মূর্ছনায় দর্শক-শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করবেন।
এদিকে সম্মেলন কমিটির আহ্বায়ক ডা. এম রবিউল আলম, যুগ্ম আহ্বায়ক ডা. এম আনোয়ারুল মিয়া, জর্জিয়া চ্যাপ্টারের সভাপতি ডা. খায়রুল আনাম ও সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ওয়াসিম বাংলাদেশি চিকিৎসকদের এই পেশাগত সংগঠনের ৩৬তম সম্মেলনকে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য উত্তর আমেরিকার সকল ডাক্তারসহ আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।