অভিবাসন আইন শিথিলের লক্ষ্যে পর্তুগালে আন্দোলন
অভিবাসন আইন, অবৈধ অভিবাসীদের বৈধতা ও অপেক্ষমাণ বিদেশি নাগরিকদের নানাবিধ সম–অধিকারের আন্দোলনের দাবি আদায়ে রাজপথে নেমেছে পর্তুগালে অভিবাসীদের সংগঠনগুলো। গত রোববার (১১ জুলাই) স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় লিসবন এবং বন্দর নগরী পর্তুতে মানবাধিকার সংগঠনগুলোর ডাকে সাড়া দিয়ে পর্তুগালে অবস্থানরত বিভিন্ন দেশের অভিবাসীরা তাঁদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
উল্লেখ্যযোগ্য মৌলিক দাবিগুলোর মধ্যে বিদেশি ও সীমান্ত পরিষেবা (এসইএফ) কার্যক্রমের উন্নতি, যাঁদের চাকরি ঝুঁকিতে রয়েছে, তাঁদের জন্য চাকরি নিশ্চিত করা, নতুন অভিবাসী যাঁরা রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করেছেন, তাঁদের এসইএফে সাক্ষাৎকারের তারিখ ধারাবাহিকভাবে ই–মেইলের সঙ্গে সংযুক্ত করা, ই–মেইল আসার সময়সীমা কমিয়ে আনা, ই–মেইল পাওয়ার তারিখ থেকে ৫ বছরের মধ্যে পাসপোর্ট পাওয়ার সময় নির্ধারণ করা এবং সর্বশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে সব অভিবাসীর SNS নম্বর প্রদান করা।
এ সময় আন্দোলনে অংশ গ্রহণ করা ব্রাজিলিয়ান নাগরিক এন্ডারসন পাউলিনা বলেন, ‘আমি বিবাহিত এবং আমার দুটি সন্তান ও রয়েছে। পর্তুগালে আমি সর্বনিম্ন বেতনে একটি গুদামে কাজ করি। ব্রাজিলে থাকাকালে অবস্থায় আমি একজন ভারী ট্রাকচালক ছিলাম। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে আমার ভারী ড্রাইভিং লাইসেন্স হওয়ার ফলে শুধু রেসিডেন্স কার্ডের অভাবে পর্তুগালের রাস্তায় ভারী গাড়ি চালানোর অনুমোদন পাচ্ছি না।’
বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ শাহাজান বলেন, ‘আমরা বাংলাদেশিরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে বিদেশি অভিবাসী এবং মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে একাত্মতা পোষণ করেছি। কারণ, আমরা জানি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের অধিকার ফিরে পাব। আশা করি, আজকের এ আন্দোলন পর্তুগালের গণমাধ্যমগুলোয় জোরালোভাবে প্রকাশ পাবে, ফলে আমরা ফিরে পাব আমাদের ন্যায্য অধিকার।’