কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬–দলীয় ক্রিকেট টুর্নামেন্ট

ছবি: লেখক

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬–দলীয় ক্রিকেট টুর্নামেন্ট। ‘লায়ন্স এক্সপ্রেস কাপ-২০২৬ সিজন-টু’ নামে টুর্নামেন্টটি ৫ জুলাই থেকে ১২ জুলাই কুয়ালালামপুরের একাধিক মাঠে অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার কুয়ালালামপুরের বুকিত বিনতাং–এর ভিআইপি পিঠাঘর রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক সংস্থা লায়ন্স এক্সপ্রেস ক্রিকেট ক্লাবের সভাপতি ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক আজিজুল হাকিম। টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে মালয়েশিয়ার কারগার থেকে দেশে ফিরতে দুজন অসহায় প্রবাসীকে হাইকমিশনের মাধ্যমে বিমানের টিকিট দেওয়ার ঘোষণা দেন তিনি।

টুর্নামেন্টে বিজয়ী দলের জন্য ৫ হাজার রিঙ্গিত ও রানার্স আপ দলের জন্য ৩ হাজার রিঙ্গিত পুরস্কার ঘোষণা করা হয়। এ সময় টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও খেলোয়াড়দের জার্সি বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিডিএফসি মালয়েশিয়ার সভাপতি আবদুল মোবিন ভূঁইয়া, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি আমিনুল ইসলাম রতন, ব্যবসায়ী মো. রুবেল আলী, তাঁর স্ত্রী সিতি আয়শা, একলাস মিয়া, আলি আজগর মিলন, সাদ্দাম হোসেন, মো. সুমন, নাঈম ইসলাম, মোহাম্মদ শাহজাহান আলী, মোহাম্মদ মিঠুন, হিমেল, বেলাল হোসেন, আজমাইন, সাইফুল ইসলামসহ ১৬টি দলের অধিনায়ক ও খেলোয়াড়েরা।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]