বার্সেলোনায় ২২ বছরের ধারাবাহিকতায় দুর্গাপূজা উদ্যাপন
স্পেনের বার্সেলোনায় অ্যাসোসিয়েশন কোলতুরা হিন্দুর উদ্যোগে উদ্যাপিত হয়েছে শারদীয় দুর্গাপূজা। দীর্ঘ ২২ বছরের ধারাবাহিকতা পেরিয়ে এবার ২৩ বছরে পদার্পণ করেছে এ আয়োজন। শহরের গ্রান ভিয়ার একটি তারকা হোটেলের বলরুমে অনুষ্ঠিত পূজায় অংশ নেন প্রবাসী বাঙালি সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা।
ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন ধরে চলে পূজা অর্চনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ। পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্থানীয় শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন। সপ্তমীর বিশেষ আয়োজনে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী অবন্তী সিথি।
পূজার আয়োজন নিয়ে অন্যতম উদ্যোক্তা উত্তম কুমার বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এই পূজার আয়োজন করে আসছি। এবার ২৩ বছরে পড়ল আমাদের এই আয়োজন। পূজা সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করছি।’
অপর উদ্যোক্তা আশুতোষ দে পূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, দেবীর কাছে তাঁর প্রার্থনা, সবার জীবনে যেন শান্তি ও সমৃদ্ধি আসে।
উদ্যোক্তা সুমন সাহা বলেন, এবারের পূজা বেশ জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
এবারের দুর্গাপূজায় দেবীর আগমন ও গমন নিয়েও রয়েছে ধর্মীয় বিশ্বাস ও তাৎপর্য। প্রচলিত পঞ্জিকা অনুযায়ী, দেবীর আগমন ও গমনের বাহনের সঙ্গে প্রকৃতি, শস্য ও সমৃদ্ধির বিভিন্ন প্রতীকী ব্যাখ্যা যুক্ত রয়েছে। পঞ্জিকাভেদে এ বিষয়ে মতপার্থক্যও দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিমুল চক্রবর্তী, অসীম সেন, উত্তম শীল, আশুতোষ দে, সুমন সাহা, প্রদীপ দেবনাথ, শঙ্কর দেবনাথ, নয়ন দাস, রাজীব দাস, অমিত মোদক, সজীব সেন, পলাশ রায়, চয়ন দেবনাথ, সুমন দাস, পলাশ দেবনাথ, নিক্কণ রায়, রিন্টু দেবনাথ, জয়দীপ রায়, প্রণয় সাহা, নকুল দেবনাথসহ আরও অনেকে। এ ছাড়া বিভিন্ন কমিউনিটির নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]