অপেরা হাউসের অনুষ্ঠান যোগ দিতে সিডনিতে পৌঁছেছেন স্থপতি রফিক আজম
আসন্ন আন্তর্জাতিক প্রকাশনা অনুষ্ঠান ও স্থাপত্যগাথা নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী উপলক্ষে আজ স্থানীয় সময় রাত ৯টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে সিডনি পৌঁছেছেন বিশ্বখ্যাত বাংলাদেশি স্থপতি রফিক আজম। বিমানবন্দরে স্থানীয় বাংলাদেশি স্থপতি ও অন্যরা তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসের উটজন হলে আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অস্ট্রেলিয়া ও আন্তর্জাতিক খ্যাতিমান স্থপতিরা যোগ দিচ্ছেন।
এই বিশ্বমঞ্চে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা ‘রিজোলি নিউ ইয়র্ক’ প্রকাশিত রফিক আজমের নতুন শিল্প-স্মারকগ্রন্থ ‘রফিক আজম: ওল্ড ঢাকা নিউ স্টোরি—আর্কিটেকচার ইন বাংলাদেশ’-এর বৈশ্বিক উন্মোচন হবে। এছাড়া, অনুষ্ঠানে নির্মাতা শঙ্খ দাশগুপ্ত পরিচালিত স্থপতি রফিক আজম ও তাঁর স্থাপত্যকর্ম নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘বিটুইন লাইট অ্যান্ড আর্থ’ (আলো ও মাটির মাঝে)-এর বিশ্ব প্রিমিয়ারও হবে।
সিডনির কক্স আর্কিটেকচার অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশি স্থপতি ফাতেমা জোহরা আদিবা তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, 'অপেরা হাউসের মতো আন্তর্জাতিক আঙিনায় আমাদের দেশের স্থাপত্যকলা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।'
অনুষ্ঠানের সিডনি সমন্বয়ক স্থপতি ইফতেখার আব্দুল্লাহ জানান, প্রদর্শনী ছাড়াও ২৪ ও ২৫ মার্চ সিডনির দুটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে রফিক আজমের বিশেষ বক্তৃতা অনুষ্ঠিত হবে। জওহরলাল নেহরু স্বর্ণপদক ও রবার্ট ম্যাথিউ আজীবন সম্মাননাজয়ী এই স্থপতির এই আয়োজনটিকে বিশ্বস্থাপত্যে বাংলাদেশের সক্ষমতার এক অনন্য স্বীকৃতি হিসেবেই দেখছেন অনুষ্ঠানের বৈশ্বিক সমন্বয়ক অস্ট্রেলিয়াপ্রবাসী স্থপতি ফরহাদুর রেজা।