ব্যালারাটের বসন্ত উৎসব ও নকীব খানের সংগীতসন্ধ্যা
পিঠা উৎসব, মাল্টিকালচারাল সাংস্কৃতিক পরিবেশনা, প্রথম বাংলা ম্যাগাজিনের মোড়ক উন্মোচন এবং কিংবদন্তি শিল্পী নকীব খানের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনায় মুখর হলো অস্ট্রেলিয়ার ব্যালারাট শহর।
৭ নভেম্বর ২০২৬, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ঐতিহাসিক ব্যালারাট শহরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ব্যালারাট বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইনকরপোরেটেড (বিবিএআই) আয়োজিত ‘মাল্টিকালচারাল স্প্রিং ফেস্টিভ্যাল ২০২৬’। ভিক্টোরিয়ান স্টেট গভ.–এর মাল্টিকালচারাল ফেস্টিভ্যালস অ্যান্ড ইভেন্টস প্রোগ্রাম গ্রান্টের সহযোগিতায় আয়োজিত এই উৎসব পরিণত হয়েছিল বিভিন্ন দেশের মানুষের এক মিলনমেলায়।
ব্যালারাটের ব্রাউন হিল কমিউনিটি হলে অনুষ্ঠিত এই আয়োজনে আড়াই শতাধিক বাংলাদেশির পাশাপাশি অংশ নেন ভারত, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের মানুষ। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, রাজ্যের একজন মন্ত্রী, সিটি কাউন্সিলের প্রতিনিধি, মাল্টিকালচারাল সংগঠনের নেতৃবৃন্দ।
পিঠার সুবাসে উৎসবের সূচনা
বেলা সাড়ে তিনটায় ঐতিহ্যবাহী পিঠা উৎসবের মধ্য দিয়ে শুরু হয় দিনের আয়োজন। ব্যালারাটের বাংলাদেশি পরিবারগুলোর আন্তরিক প্রচেষ্টায় তৈরি করা হয় প্রায় ১৫ ধরনের দেশীয় পিঠা। চিতই, ভাপা, নারিকেল পুলি, পাটিসাপটা, তেলের পিঠা, নাড়ুসহ নানা পদের পিঠা সাজানো হয় আকর্ষণীয় পরিবেশনায়। আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল বিশেষ ‘গেস্ট কর্নার’, যেখানে তাঁরা বিভিন্ন ধরনের পিঠা উপভোগ করেন। বিদেশি অতিথিদের অনেকেই প্রথমবারের মতো বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ গ্রহণ করেন এবং উচ্ছ্বসিত প্রশংসা করেন।
আনুষ্ঠানিক উদ্বোধন ও মাল্টিকালচারাল সাংস্কৃতিক পরিবেশনা
বিকেল পাঁচটার দিকে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা মঞ্চে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তাঁদের বক্তব্যে বহুসংস্কৃতির সহাবস্থান, সামাজিক সম্প্রীতি এবং ব্যালারাটের বাংলাদেশি সম্প্রদায়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব উঠে আসে। এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রথম পর্বে ব্যালারাটের বাংলাদেশি শিশু-কিশোরদের নাচ, গান ও বিভিন্ন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সংগীত ও সংস্কৃতির প্রতি ভালোবাসা ধরে রাখার এক সুন্দর প্রতিফলন ছিল এই আয়োজন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চারজন শ্রীলঙ্কান তরুণীর পরিবেশিত ঐতিহ্যবাহী ক্যান্ডিয়ান নৃত্য। তা ছাড়া ছিল বাংলাদেশের শাড়ির বিবর্তন নিয়ে একটি সুন্দর ফ্যাশন শো। ছোটদের গান, কবিতা, নাচ, গিটারে সুর তোলা—কী ছিল না সেখানে।
শিশুদের পরিবেশনার পর মঞ্চে আসেন বড়দের শিল্পীরা। কলকাতার একজন শিল্পীর বাংলা গান, সংসারজীবনের খুনসুটি নিয়ে এক যুগলের পরিবেশনায় শ্রুতিনাট্য, দ্বৈত নৃত্য এবং নব্বই দশকের জনপ্রিয় গান নিয়ে সাজানো এই পর্ব দর্শকদের স্মৃতিকাতর করে তোলে।
সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ছিল বাঙালি খাবারের সমৃদ্ধ আয়োজন। অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হয় মাটন বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন সিক্সটি ফাইভ, চিকেন টিকিয়া, চিকেন জালি কাবাব এবং ঐতিহ্যবাহী বোরহানি। মিষ্টান্ন হিসেবে ছিল বালুশাই ও গোলাপজামুন। বিভিন্ন দেশের অতিথিরা বাংলাদেশি খাবারের স্বাদ উপভোগ করেন। পিঠা উৎসব থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত পুরো আয়োজনেই ফুটে ওঠে বাংলাদেশের আতিথেয়তার ঐতিহ্য।
ব্যালারাটে কিংবদন্তি নকীব খান: এক স্মরণীয় সন্ধ্যা
উৎসবের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক নকীব খান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সস্ত্রীক অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। তবে শুধু মঞ্চে গান গেয়েই নিজের উপস্থিতি সীমাবদ্ধ রাখেননি এই বরেণ্য শিল্পী। অন্যান্য দর্শকের সঙ্গে বসে তিনি উপভোগ করেন স্থানীয় শিল্পীদের পরিবেশনা। তাঁদের গান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তাঁর আন্তরিক আগ্রহ উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
রাত সাড়ে আটটার দিকে শুরু হয় বহুল প্রতীক্ষিত নকীব খানের একক সংগীত পরিবেশনা। একে একে নিজের ১২টি জনপ্রিয় গান পরিবেশন করেন। শুধু গান নয়, গানের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে তাঁর প্রাণবন্ত কথোপকথন, রসিকতা এবং বিভিন্ন গানের পেছনের গল্প পুরো পরিবেশনাকে করে তোলে আরও উপভোগ্য।
দর্শকদের আবদারেও সাড়া দেন তিনি, গেয়ে শোনান সুর করা তার জীবনের প্রথম গান, যে গানটি আজো কোথাও বের হয়নি। চমৎকারভাবে গল্পে গল্পে বলছিলেন মন শুধু মন ছুঁয়েছে গান লেখার পেছনের কথা, কীভাবে ভালো লাগে জোছনা রাতে গানটি তৈরি হলো, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তোরে পুতুলের মতো করে সাজিয়ে গানটি লিখা হয়েছিল, এভাবে প্রতিটি গানের পেছনের গল্প।
অনুষ্ঠানে নকীব খানকে চমকে দিতে আয়োজন করা হয়েছিল বিশেষ ভিডিও শুভেচ্ছাবার্তার। বাংলাদেশের সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব ড. আবদুল্লাহ আল মামুন, আশিকুজ্জামান টুলু, শহীদ মাহমুদ জঙ্গী, শওকত আলী ইমন এবং জয় শাহরিয়ারের পাঠানো শুভেচ্ছাবার্তা প্রদর্শন করা হয়। অপ্রত্যাশিত এই আয়োজনে নকীব খান বিস্মিত ও আনন্দিত হন।
সংগীতের প্রতি তাঁর দীর্ঘদিনের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে তাঁকে উপহার দেওয়া হয় বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটলসের গান নিয়ে লেখা একটি বিশেষ বই।
ব্যালারাটের বাংলা ম্যাগাজিন ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন
এই উৎসবের আরেকটি ঐতিহাসিক মুহূর্ত ছিল ব্যালারাটের প্রথম বাংলা কমিউনিটি ম্যাগাজিন ‘অনুরণন’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন। কিংবদন্তি শিল্পী নকীব খান ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন এবং তাঁর হাতে তুলে দেওয়া হয় একটি শুভেচ্ছা কপি। ব্যালারাটের বাংলাদেশি সম্প্রদায়ের সাহিত্যচর্চা, সৃজনশীলতা, ইতিহাস, সংস্কৃতি এবং নতুন প্রজন্মের ভাবনাকে একটি স্থায়ী প্রকাশনায় তুলে ধরার উদ্দেশ্যে এই ম্যাগাজিনের যাত্রা শুরু হয়েছে।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
শিল্পীর আন্তরিকতায় মুগ্ধ ব্যালারাটবাসী
নকীব খানের অসাধারণ সংগীত পরিবেশনার পাশাপাশি তাঁর অমায়িক ব্যক্তিত্ব ও আন্তরিক ব্যবহার উপস্থিত বাংলাদেশিদের মনে বিশেষ জায়গা করে নেয়।
অনুষ্ঠানের আগে ও পরে নকীব খান দর্শক, আয়োজক এবং স্থানীয় শিল্পীদের সঙ্গে সময় কাটান। সবার সঙ্গে হাসিমুখে কথা বলেন, ছবি তোলেন এবং ভক্তদের নানা আবদার পূরণ করেন।
বিদায়ের সময় নকীব খান ব্যালারাট বাংলাদেশি অ্যাসোসিয়েশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুরো আয়োজন নিয়ে সন্তোষ ও আনন্দের কথা জানান।
আয়োজনে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা
এই বৃহৎ আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক ছিল অজি আড্ডা ব্যালারাট। পাশাপাশি স্থানীয় আরও দুটি ব্যবসাপ্রতিষ্ঠান উৎসব বাস্তবায়নে পৃষ্ঠপোষকতা প্রদান করে।
অনুষ্ঠানটি সফল করতে বিবিএআইয়ের কার্যনির্বাহী কমিটি, স্বেচ্ছাসেবক, সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণকারী শিল্পী, শিশুদের অভিভাবক এবং অসংখ্য কমিউনিটি সদস্য অক্লান্ত পরিশ্রম করেন।
বিশেষ করে পিঠা তৈরি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া, অতিথি আপ্যায়ন, মঞ্চ ব্যবস্থাপনা, আলোকচিত্র ধারণ এবং অনুষ্ঠান শেষে হল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।
ব্যালারাটের বাংলাদেশিদের জন্য এক স্মরণীয় অধ্যায়
ব্যালারাটে বসবাসরত বাংলাদেশিদের জন্য এবারের মাল্টিকালচারাল স্প্রিং ফেস্টিভ্যাল ছিল একটি বিশেষ মাইলফলক। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা, অন্য দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পিঠার সুবাস, শিশুদের প্রাণবন্ত পরিবেশনা, শ্রীলঙ্কান নৃত্যের ছন্দ, বাংলা ম্যাগাজিনের আত্মপ্রকাশ এবং সবশেষে নকীব খানের কালজয়ী গানের মূর্ছনা—সব মিলিয়ে ৭ নভেম্বর ২০২৬ দিনটি ব্যালারাটের বাংলাদেশি সম্প্রদায়ের স্মৃতিতে দীর্ঘদিন উজ্জ্বল হয়ে থাকবে।
উপহার হাতে নকীব খান
ব্যালারাটের প্রথম ম্যাগাজিন ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন
সংগীত পরিবেশনায় নকীব খান
সবার সঙ্গে নকীব খান
লেখা
ড. এহসান রাজা চৌধুরী (ফারহান)
বালারাত, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া