বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি জিয়া, আতিক সেক্রেটারি, লিমন ট্রেজারার

যুক্তরাজ্যর বার্মিংহাম তথা মিডল্যান্ডসে কর্মরত মূলধারার বাংলা প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার পেশাদার সংবাদকর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের কার্যকরী পরিষদের (২০২৫-২০২৭) নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে জিয়া উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আতিকুর রহমান ও কোষাধ্যক্ষ হিসেবে মোহাম্মদ মোস্তফা লিমন নির্বাচিত হয়েছেন।

১৯ এপ্রিল স্হানীয় এমটি ক্যাটারিংয়ে অনুষ্ঠিত সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচনে এ কার্যকরী পরিষদ গঠিত হয়। সভাপতি ও কোষাধ্যক্ষ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুল কবীর খোকনকে পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ আতিকুর রহমান।

নবনির্বাচিত কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ তালিকা খুব শিগগির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ যৌথভাবে প্রকাশ করবেন বলে জানানো হয়েছে।

এর আগে ক্লাবের মর্যাদাপূর্ণ দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মারুফের সভাপতিত্বে এবং সদস্যসচিব আশরাফুল ওয়াহিদ দুলালের সঞ্চালনায় সভায় নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা কবীর উদ্দিন ও ছড়াকার-সাংবাদিক শফিকুর রহমান শাহজাহান। এ ছাড়া আহ্বায়ক কমিটির সদস্য সুহেল আহমদ চৌধুরী ও সৈয়দ নাদির আহমদ উপস্থিত ছিলেন।

সভায় নবগঠিত কমিটি বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের (বিপিসি) কার্যক্রমকে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে। সংগঠনের ঐতিহ্য ধরে রেখে পেশাদার সংবাদকর্মীদের প্রতিনিধিত্ব, মানোন্নয়ন ও মর্যাদা সমুন্নত রাখতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]