ইকুয়েটোরিয়াল গিনিতে প্রবাসী বাংলাদেশিদের প্রথম কমিটি গঠিত

ইকুয়েটোরিয়াল গিনিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক উন্নয়ন, ঐক্য ও সামাজিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ‘বাংলাদেশি কমিউনিটি ইন ইকুয়েটোরিয়াল গিনি’র প্রথম কমিটি গঠিত হয়েছে। এই কমিটি প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদান, তাঁদের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন এবং একটি শক্তিশালী ও সহযোগিতামূলক কমিউনিটি গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

নবগঠিত কমিটির সভাপতি আরিফ ভূঁইয়া, সহসভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আফজল আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ।

আর্থিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন ট্রেজারার হিসেবে নুরুল ইসলাম আতিক, মোহাম্মদ আলী সুমন এবং আনোয়ার ভূঁইয়া। সংগঠনের কার্যক্রম পরিচালনায় সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন হাসিবুল আমিন ও আরিফুর রহমান ভূঁইয়া। এ ছাড়া কল্যাণ সম্পাদক হিসেবে সুমন এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান কমিটির কার্যক্রমকে গতিশীল করবেন।

কমিটির মূল লক্ষ্য হলো প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করা। এ লক্ষ্যে কমিটি পয়লা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদসহ বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসব যথাযথ মর্যাদায় উদ্‌যাপন করবে, যাতে প্রবাসীরা নিজেদের শিকড় ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত থাকতে পারেন।

একই সঙ্গে প্রবাসীদের প্রয়োজনের সময় সহায়তা প্রদান, সংকটময় মুহূর্তে পাশে দাঁড়ানো এবং স্থানীয় সরকার ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় রেখে কমিউনিটির স্বার্থ রক্ষায় কাজ করা হবে।

কমিটির সব সদস্য দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ এবং কমিউনিটির কল্যাণে নিবেদিত। এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সহানুভূতিশীল কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]