আদ্যোপান্ত

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

তোমার কাছে এলেই

শব্দ ছাড়াই ভাষা শেখা যায়।

তোমার হাসিও তখন দূরত্বকে কাছে টানে।

শূন্যতাগুলো ভরে ওঠে সৌন্দর্যে।

তুমি কাছে এলেই মনে হয়,

তুমিই তো নির্ভুল বিস্ময়।

জানি, তুমি বসন্ত নও।

তবু মনে হয়, তুমি গোপন অন্য কোনো ঋতু।

তোমাকে ভাবলেই আমি ভুলে যাই

বিশেষ সংলাপের কথা,

আমি ভুলে যাই প্রতিশ্রুতির কথা।

তোমার ঘনত্বের স্তরে স্তরে কত কাছের বিশ্বাস—

মনে হয়, এই বুঝি চূড়ান্ত অর্জন।

মাটির স্তরের মতো

আমিও তোমাকে স্তরে স্তরে সাজিয়ে রাখি—

নির্বাসিত আলো।

অনুচ্চারিত উৎসগুলো আমার কাছে কেবলই এখন বিভ্রম।

ভাবি, তবে কি তোমার কাছে আমার এখন সাময়িক আশ্রয়?

নাকি অসম্পূর্ণ সাক্ষ্য?

নাকি শূন্যতার প্রান্তে ক্ষণস্থায়ী এক যতিচিহ্ন?

মেঘ জানে না কোথায় থামবে তার ভেসে চলা,

তবে বাতাস জানে তার গন্তব্যের দিক।

কেবল মানুষ জানে না তার আদ্যোপান্ত।

আমি এক বৃত্তাকার শূন্য।

জানি, শূন্য কোনো সংখ্যা নয়;

শূন্য মানেই মানহীন সংখ্যা মাত্র।

যেমন বিধানেরও থাকে কিছু উপবিধান,

অদৃশ্যের থাকে প্রহেলিকা,

গোপনের থাকে কিছু গোপন শৃঙ্খলা,

আর পথ হারানো পথে থাকে নতুন পথের ইঙ্গিত।