অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন বাংলাদেশি নারী সাবরিন
অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা অস্ট্রেলিয়া ডে সম্মাননা পাচ্ছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি নারী সাবরিন ফারুকি। সমাজসেবা ও বহুসাংস্কৃতিক বিষয়ে অসামান্য অবদান রাখার জন্য এ বছর ‘পাবলিক মেডেল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ পাবেন তিনি। অস্ট্রেলিয়ার অভিবাসী এবং উদ্বাস্তু সম্প্রদায়ের জন্য, বিশেষ করে নারীদের জন্য তাঁর কাজ ও সমর্থনের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়া ডে সম্মাননা পাচ্ছেন সাবরিন।
অস্ট্রেলিয়ার বিভিন্ন সুশীল নাগরিকের ভালো কাজের সাধুবাদ হিসেবে প্রতিবছর ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়া ডে সম্মাননার তালিকা প্রকাশ করা হয়। এরপর জুন মাসের প্রথম সোমবার রানি এলিজাবেথের জন্মদিন উদ্যাপনের দিন এ সম্মাননা প্রদান করা হয়।
সাবরিন ফারুকির সমাজসেবামূলক কাজের স্বীকৃতি এবারই প্রথম নয়। এর আগে নিউ সাউথ ওয়েলস রাজ্যের বর্ষসেরা নারীর পুরস্কারও পেয়েছিলেন তিনি। বর্তমানে সাবরিন দেশটির ক্ষমতাসীন সরকার দল লেবার পার্টি থেকে সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলর। এ ছাড়া দেশটির সরকারের ফেয়ার ওয়ার্ক কমিশনের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি।
সাবরিন ফারুকির জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করেছেন। এরপর প্রায় এক বছর ইস্টার্ন ইউনিভার্সিটি অব ঢাকায় খণ্ডকালীন প্রভাষক হিসেবে কাজ করার পর উচ্চশিক্ষা গ্রহণে ২০০৪ সালে সিডনি চলে যান। সিডনির বিখ্যাত ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে দ্বিতীয়বারের মতো স্নাতকোত্তর পাস করেন। ২০০৮ সালে ইউনিভার্সিটি অব সিডনি থেকে ইংরেজি ভাষা শিক্ষার ওপর পিএইচডি করেছেন তিনি।