সিডনিতে ‘ত্রিনয়নী’র দুর্গাপূজা
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসীরা ‘ত্রিনয়নী’র আয়োজনে দুদিনব্যাপী সার্বজনীন দুর্গাপূজা পঞ্চমবারের মতো বিপুল আনন্দ-উৎসাহে উদ্যাপন করেন। সিডনির রোজলিয়া কমিউনিটি হলে শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল থেকে শুরু হয়ে পরদিন রোববার গভীর রাত পর্যন্ত সব ধর্মের বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত হয়ে উৎসবে মেতে ওঠেন।
প্রতিদিন সকালে পূজা-অর্চনা পরবর্তী প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকঢোলের সঙ্গে আরতি আর নাচে-গানে প্রবাসীরা দেশের উৎসবের অনুভূতি ফিরে পান।
রাজীব ও শোভনের দৃষ্টিনন্দন লাইটিং, লেজার শো আর সাউন্ড সিস্টেম সবার কাছে প্রশংসিত হয়। জনপ্রিয় শিল্পী প্রত্যাশা ইকবালের করা মণ্ডপ সবার দৃষ্টি আকর্ষণ করে।
সিডনির জনপ্রিয় সংগীতশিল্পী তমাল চক্রবর্তী, মেহেদী হাসান, নাসীম কামাল শিপলু, সাঈদ পারভেজ, অনিন্দিতা ঐশী এবং নিত্য শিল্পী স্বাগতা চ্যাটার্জী, মোকসসিয়া ডান্স গ্রুপ, টুইংকেল জেনাসহ ত্রিনয়নী পরিবারের শিল্পীরা অনুষ্ঠানটিকে উৎসবের রূপ দেন।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
উপস্থিত প্রবাসীরা পূজার প্রতিমা, মণ্ডপসজ্জার সঙ্গে আতিথেয়তার প্রশংসা করেন। এবার পূজায় বিপুলসংখ্যক অতিথির আগমন ঘটে। অতিথিদের মতে, ত্রিনয়নীর আয়োজিত পূজায় এসে সবাই খুব স্বাচ্ছন্দ্য অনুভব করেন এবং তাঁরা সবাই মনে করেন এখানে নিজের পূজার অনুভূতি পেয়েছেন।
আয়োজনের মূল আকর্ষণ ছিল সব ধর্মের প্রবাসীদের উপস্থিতি আর সহযোগিতা।
পূজার আয়োজকেরা সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। ধর্ম যার যার, উৎসব সবার—এ চেতনাকে ধারণ করে তাঁরা সামনের বছরগুলোতে আরও বড় পরিসরে এই সার্বজনীন উৎসবের আয়োজন করবেন বলে আশাবাদী।