বাংলাদেশের ডাক বিভাগের পুনর্জাগরণ: সংস্কার, আধুনিকায়ন ও যুক্তরাষ্ট্র থেকে নতুন ভাবনা

ডাকঘরফাইল ছবি

একসময় বাংলাদেশের যোগাযোগব্যবস্থার মূল ভিত্তি ছিল ডাক বিভাগ। ই-মেইল, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের আগের যুগে জাতীয় ও আন্তর্জাতিক যোগাযোগের একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মাধ্যম ছিল চিঠিপত্র আদান-প্রদান। একটি চিঠি মানেই ছিল শৈশব, কৈশোর এমনকি আমাদের যৌবনের আবেগ, দায়িত্ব, শিক্ষার সুযোগ, চাকরির সংবাদ কিংবা পারিবারিক সুখবরের নামান্তর।

আমাদের অনেকেরই এখনো মনে আছে, বিদেশ বা অন্য জেলা থেকে কিংবা ঢাকা থেকে চিঠি এসেছে কি না, তা জানতে স্থানীয় ডাকঘরে বারবার যাওয়ার স্মৃতি। ডাকপিয়ন শুধু একজন সরকারি কর্মচারী ছিলেন না, তিনি ছিলেন সংযোগ ও আশার বাহক। তাঁদের সঙ্গে আমাদের অন্য রকম এক চমৎকার সম্পর্ক। ডিজিটাল প্রযুক্তির বিস্তারের ফলে যোগাযোগের ধরন অনেক বদলেছে। কিন্তু প্রশ্ন হলো ডাক বিভাগ কি অপ্রয়োজনীয় হয়ে গেছে, নাকি আধুনিকায়নের মাধ্যমে নতুন বাস্তবতায় নিজেকে মানিয়ে নেওয়া সম্ভব না বলে অতল গহ্বরে হারিয়ে যাবে?

যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা: পরিবর্তনের মধ্যেও প্রাসঙ্গিকতা—

ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস–ইউএসপিএস দেখিয়ে দিয়েছে, কীভাবে একটি ঐতিহ্যবাহী জাতীয় প্রতিষ্ঠান আধুনিক প্রযুক্তির যুগেও কার্যকর থাকতে পারে। বেসরকারি কুরিয়ার ও ডিজিটাল যোগাযোগের বিস্তার সত্ত্বেও ইউএসপিএস এখনো জাতীয় অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। দূরবর্তী অঞ্চলে ওষুধ সরবরাহ, নির্বাচনের সময় ব্যালট বিতরণ, ই-কমার্সের কোটি কোটি পার্সেল পৌঁছে দেওয়া—সব ক্ষেত্রেই তাদের ভূমিকা সুস্পষ্ট। পাশাপাশি মানি অর্ডার, পাসপোর্ট সেবা ও নিরাপদ নথি প্রেরণের মতো সেবাও তারা প্রদান করে যাচ্ছে। প্রযুক্তি সংযোজন, লজিস্টিক আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক দক্ষতার মাধ্যমে তারা জনগণের আস্থা ধরে রেখেছে। এটি, বিশেষ করে আমাদের জাতীয় নির্বাচনের সময় আমেরিকার ডাক বিভাগের কর্মতৎপরতা সত্যিই আমাকে বিমোহিত করেছে। এই অভিজ্ঞতা নিঃসন্দেহে প্রমাণ করে, প্রযুক্তির অগ্রগতি কোনো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে বিলুপ্ত করে না; বরং সংস্কার ও উদ্ভাবনের মাধ্যমে তাকে নতুন রূপ দেয়।

আরও পড়ুন

বাংলাদেশের ডাক বিভাগ: সম্ভাবনার বিশাল ক্ষেত্র—

বাংলাদেশ পোস্ট অফিস দীর্ঘদিন ধরে জাতীয় সংহতি, শহুরে ও গ্রামীণ সংযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চিঠিপত্র ও পার্সেল বিতরণ, ডাক সঞ্চয় স্কিম, মানি ট্রান্সফার, পেনশন ও ভাতা বিতরণ—বিশেষত গ্রামীণ ও শহরের নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য এটি এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। তবে বেসরকারি কুরিয়ার সেবা ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রসারের ফলে প্রতিযোগিতা বেড়েছে, এ কথা সত্য। আধুনিকায়নের গতি তুলনামূলক ধীর হওয়ায় জনমনে আগের মতো আস্থা কিছুটা কমেছে। তবু ডাক বিভাগের রয়েছে কিছু অনন্য শক্তি—

  • দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক

  • গ্রামীণ এলাকায় গভীর উপস্থিতি

  • দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক আস্থা

  • আর্থিক অন্তর্ভুক্তির ভিত্তি অবকাঠামো

সঠিক পরিকল্পনা ও সংস্কারের মাধ্যমে এটিকে আবারও জাতীয় উন্নয়নের চালিকা শক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব।

পুনর্জাগরণের জন্য প্রয়োজনীয় যে সংস্কারগুলো অপরিহার্য তা হলো—

১. ডিজিটাল রূপান্তর

রিয়েল-টাইম ট্র্যাকিং ব্যবস্থা, অনলাইন সেবা, মোবাইল অ্যাপ ও সমন্বিত লজিস্টিক ব্যবস্থাপনা চালু করা।

২. ই-কমার্স সমন্বয়

গ্রামীণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ডাক বিভাগকে জাতীয় লজিস্টিক অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করা।

৩. ডাক ব্যাংকিং ও আর্থিক অন্তর্ভুক্তি

সঞ্চয় স্কিম, রেমিট্যান্স ও ক্ষুদ্র আর্থিক সেবা সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা।

৪. অবকাঠামো ও গ্রাহকসেবা উন্নয়ন

ডাকঘর সংস্কার, কর্মীদের প্রশিক্ষণ এবং সেবার মানোন্নয়নের মাধ্যমে জন–আস্থা পুনর্গঠন।

৫. প্রাতিষ্ঠানিক দক্ষতা ও জবাবদিহি

স্বচ্ছ প্রশাসন ও কর্মদক্ষতাভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে কার্যকারিতা নিশ্চিত করা।

ভাষা, ঐতিহ্য ও পরিচয়—

ভাষার মধ্যেও ডাকব্যবস্থার ঐতিহ্য প্রতিফলিত হয়। আমেরিকায় সাধারণত ‘মেইলম্যান’, ‘মেইলবক্স’ শব্দ ব্যবহৃত হয়, যদিও সেবাটি প্রদান করে ইউএসপিএস। অন্যদিকে যুক্তরাজ্যে ‘পোস্টম্যান’, ‘পোস্ট অফিস’, ‘পোস্টমাস্টার’ শব্দগুলো প্রচলিত, যার ঐতিহ্য বহন করছে রয়েল মেইল (Royal Mail)। বাংলাদেশেও ব্রিটিশ প্রশাসনিক ঐতিহ্যের ধারাবাহিকতায় ‘ডাকঘর’, ‘ডাকপিয়ন’ ও ‘ডাকমাস্টার’ শব্দগুলো ব্যবহৃত হয়ে আসছে। এই শব্দগুলো কেবল ভাষাগত নয়; এগুলো আমাদের প্রাতিষ্ঠানিক ইতিহাসের অংশ।

নস্টালজিয়ার বাইরে একটি কৌশলগত প্রয়োজন—

ডাক বিভাগের পুনর্জাগরণ শুধু অতীত স্মৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা নয়; এটি একটি কৌশলগত অর্থনৈতিক প্রয়োজন। গ্রামীণ অন্তর্ভুক্তি, ডিজিটাল বাণিজ্য এবং সমন্বিত জাতীয় লজিস্টিক ব্যবস্থার জন্য একটি শক্তিশালী ডাক বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ডাকঘর একসময় পরিবারকে সংযুক্ত করেছিল, সেই ডাকঘর আজ উদ্যোক্তাকে বাজারের সঙ্গে, নাগরিককে রাষ্ট্রের সেবার সঙ্গে এবং গ্রামকে জাতীয় অর্থনীতির সঙ্গে সংযুক্ত করতে পারে।

পরিশেষে এটাই বলব, ডাক বিভাগ কেবল চিঠি বিতরণের প্রতিষ্ঠান নয়; এটি আস্থা, সংহতি ও জাতীয় পরিচয়ের প্রতীক। যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা আমাদের দেখায়, সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখেই একটি প্রতিষ্ঠানকে শক্তিশালী করা যায়। অতীতের সেই মধুর স্মৃতি আমাদের আবেগ জাগ্রত করে; ভবিষ্যৎ আমাদের আহ্বান জানায় দক্ষতা ও উদ্ভাবনের পথে এগোতে। এই দুইয়ের সমন্বয়েই বাংলাদেশের ডাক বিভাগের গৌরব পুনরুদ্ধার সম্ভব। ডাকঘর শুধু বার্তা পৌঁছে দেয় না; এটি পৌঁছে দেয় বিশ্বাস, ইতিহাস এবং জাতীয় আত্মপরিচয়।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]